
আয়োজনে বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি
উত্তরবঙ্গের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ডুয়ার্স। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্সেই রয়েছে চাপরামারি, গজলডোবা, বক্সা টাইগার রিসার্ভ, বক্সা ফর্ট, গরুমারা জাতীয় উদ্যোন, চেলসা, জলদাপাড়া জাতীয় উদ্যান, রাজাভাতখাওয়া, বিন্দু, হাসিমারা, গোঁরবাতান, ঝালংয়ের মতো সুন্দর জায়গা। এবছর গত ২ জানুয়ারি থেকে আলিপুরদুয়ার জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসব। উৎসবের সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
ডুয়ার্সকে বিশ্বের পর্যটনের মানচিত্রে তুলে আনতে, আরও বেশি করে জানতে, জানাতে ও সর্বপরি মিলনের জন্য প্রতি বছরই এই আয়োজন করে থাকে বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি। মেলায় নানা দোকানের পসরা ছাড়াও প্রতিদিন থাকছে বিশেষ বিষয়ের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা ছাড়াও দেশ বিদেশ থেকে শিল্পীরা আসেন এই উৎসবে যোগ দিতে। বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি-র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী’র কথায়, বর্তমানে এই উৎসব বিশ্বের আঙিনায় পৌঁছে গিয়েছে। কারণ ২১টি জনজাতি এর সঙ্গে জড়িত থাকে৷ প্রায় আড়াই কিলোমিটার জায়গা জুড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। ছিল প্রায় দু-হাজার স্টল। প্রায় ১০-১২ লক্ষ মানুষ এই উৎসবে সামিল হন। পাঁচ হাজার শিশুশিল্পী, আড়াই হাজার লোকশিল্পী এবং দশ হাজার শিল্পী এতে অংশগ্রহণ করেন।
এই উৎসবের সময়ে পর্যটকদের জন্য হোটেলগুলিতে অনেক ছাড়ের ব্যবস্থা থাকে। এমনকি পিক-আপের ব্যবস্থা থাকে বিনামূল্যে। বন্যজন্তু দেখার জন্য অরণ্য ভ্রমণের সুযোগ করে দেওয়া হয় এই সময়। থাকে আরও নানা রকম চমক। উৎসব শেষ হল গত ১২ জানুয়ারি।
