নিরিবিলি উইকএন্ড কাটান ডায়মন্ড হারবারে

এক সময় ডায়মন্ড হারবার ছিল পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি

ডায়মন্ড হারবারে গিয়ে দেখার কী আছে? যে কোনও আম-বাঙালিকে যদি এই প্রশ্ন করেন, উত্তর পাবেন না। হাতের নাগালে থাকা গন্তব্যকে নিয়ে সিরিয়াসলি ভাবি না আমরা। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার। নিরিবিলিতে যদি কয়েকদিন ছুটি কাটাতে ইচ্ছে হয়, শহুরে ক্লান্তি ঝেড়ে ফেলে সতেজ হতে চান, এটি হতে পারে আদর্শ ডেস্টিনেশন। 

গঙ্গাসাগর দ্বীপের খুব কাছেই ডায়মন্ড হারবার। জায়গাটির আগে নাম ছিল হাজিপুর। এখনটার নামটি ব্রিটিশদের দেওয়া। হুগলি নদী এখানে দক্ষিণ দিকে বাঁক নিয়ে সমুদ্রের পানে এগিয়ে গিয়েছে। নদীর উলটো দিকে হলদিয়া শহর। নৌকো ধরে চলে যেতে পারবেন। যদি নদীর পাশ দিয়ে সড়কপথে চলেন, ড্রাইভ করে অসাধারণ মজা পাবেন। দেখবেন রোদ পরে চকচকে জল কেমন মোহময় হয়ে উঠেছে।


১৬ এবং ১৭ শতকে ডায়মন্ড হারবার ছিল পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি। যাদের বাঙালিরা ডাকতেন ‘হার্মাদ’ বলে। আজও সেই যুগের সাক্ষী দেয় চিংড়িখালি কেল্লার ধ্বংসাবশেষ। জানা যায়, ১৬ শতকে জলদস্যুরাই এই দুর্গ গড়ে তোলে। ডায়মন্ড হারবারে গেলে অবশ্যই দেখবেন এটি। আর দেখবেন সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম। পুরোনো বাতিঘরে যেতে ভুলবেন না। গোটা অঞ্চলের মায়াবী ভিউ পাওয়া যায় সেখান থেকে। নদীর ধারে বসে নৌকোর আসা-যাওয়া দেখেও মন ভরে যাবে। চাইলে পিকনিকও করতে পারেন। কাছাকাছির মধ্যে ডায়মন্ড হারবারের চেয়ে সুন্দর পিকনিক স্পট খুঁজে পাওয়া সহজ নয়। 

 

 

উইকএন্ডে যদি যান, সময় করে একবার জয়নগর ঘুরে আসুন। মাত্র ১৫ কিলোমিটার দূরত্ব। সেখানে পাবেন বিরল সব প্রাচীন পুঁথি আর মহাবীর, বিষ্ণু এবং বুদ্ধের পুরোনো পাথরের মূর্তি। আশেপাশে আরও কিছু ডেস্টিনেশন রয়েছে। যেমন বকখালি, রায়দিঘি, গঙ্গাসাগর এবং কাকদ্বীপ।

 

কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়া খুবই সহজ। সড়কপথে গেলে বড়োজোর ঘণ্টা দুই লাগবে। কিংবা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে খুব অল্প সময়েই পৌঁছতে পারেন। ডায়মন্ড হারবারে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। থাকা-খাওয়ার দারুণ বন্দোবস্ত। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন – 
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com
   
 

Developed by DXDasia