১০০ পার করেও সমান জনপ্রিয় ঠাকুরমার ঝুলি, পর্দায় আসছে রাজকন্যা, রাজপুত্তুর

ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসবে বুদ্ধু ভুতুম, এবার পুজোর বিশেষ আকর্ষণ

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সাড়া জাগানো রূপকথার কাহিনি ‘ঠাকুরমার ঝুলি’। এর আগেও বাংলা চলচ্চিত্রে ঠাকুমার ঝুলি থেকে গল্প বেরিয়ে এসেছিল। কিন্তু এবার সেই ছবি একটু অন্যরকম। ২০১৫ সালে নীতিশ রায় তৈরি করেছিলেন ঠাকুমার ঝুলি অবলম্বনে ‘বুদ্ধু ভুতুম’। মাঝে কেটে গিয়েছে চারটে বছর। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসাবে ডেবিউ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প-নির্দেশক নীতিশ রায়। বইয়ের পাতা থেকে সরাসরি সিনেপর্দা- ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসবে শুয়োরানি, দুয়োরানি, রাক্ষস-খোক্ষসরা।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠেছিল শিশু মনোরঞ্জক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে কলকাতার ‘ভট্টাচার্য এন্ড সন্স’ প্রকাশনা সংস্থা থেকে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে, এখনও হচ্ছে। এই বইয়ের চারটি পর্ব ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। ‘দুধের সাগর’, ‘রূপ তরাসি’, ‘চ্যাঙ ব্যাঙ’ এবং ‘আম সন্দেশ’। ‘বুদ্ধু ভুতুম’ গল্পটি ‘চ্যাঙ ব্যাঙ’ সংকলনের অন্তর্ভুক্ত।

নীতিশ রায়ের মতে এই ছবি তাঁর স্বপ্নের প্রজেক্ট। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে চোখ ধাঁধানো ভিএফএক্স। শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে তাদের জন্য সিনেমা তৈরির কথা খুব একটা ভাবে না বাংলা চলচ্চিত্র। সেই জায়গায় দুর্গাপুজোয় এই ছবি শিশুদের কাছে অন্যতম একটি আকর্ষণ। ১৯৭২ সাল থেকে এই ছবি তৈরির কথা ভেবেছিলেন নীতিশ, অবশেষে সফল হতে চলেছে সেই কাজ। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বুদ্ধু ভুতুম’। পরিচালনার পাশাপাশি স্ক্রিন প্লে এবং প্রোডাকশন ডিজাইন করেছেন নীতিশ রায় স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মৃন্ময় মণ্ডল। আবহে সঞ্জয়-রাজি। পোশাক পরিকল্পনায় অনিন্দিতা নাচ পুরকাইত। প্রসঙ্গত, নীতিশ রায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প-নির্দেশক। ‘খারিজ’, ‘লেকিন’, ‘মান্ডি’, ‘ঘায়েল’-এর মতো ছবির শিল্প নির্দেশনার প্রধান দায়িত্বে ছিলেন তিনি।

প্রথমবার ‘বুদ্ধু ভুতুম’-এর প্রোমো সামনে এসেছিল ২০১৭ সালে। তারপরেও পেরিয়ে গিয়েছে দুই বছর। অবশেষে পুজোয় মুক্তি পাচ্ছে ছোটোদের ছবি ‘বুদ্ধু ভুতুম’। এক রাজার তিন রানি। আর রয়েছে রাজকন্যা, রাজপুত্তুর। সঙ্গে রয়েছে রাক্ষস-খোক্ষস। এদের নিয়েই অ্যানিমেটেড বাংলা ছবি ‘বুদ্ধু ভুতুম’।

বিরাটগড়ের রাজার চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী, মন্ত্রীর চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সেনা প্রধানের চরিত্রে গৌতম হালদার, বড়ো রানির চরিত্রে লকেট চ্যাটার্জি, মেজো রানি কণীনিকা ব্যানার্জি, ছোটো রানি দেবলীনা কুমার। রাজপুত্রদের চরিত্রে ধরা দেবেন সায়ন্তন হালদার, সুজয় সাহা। আর রাজকন্যা ভুতুমের চরিত্রে মানালি দে।

Developed by DXDasia