
শিলিগুড়ির কাছে চালু হয়েছে একটি অ্যাডভেঞ্চার হাব
শুধু বাঙালিরা নয়, উত্তরবঙ্গে মজেছেন দেশ তথা বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা। দার্জিলিং ছাড়াও ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় উঠে আসছে লামাহাট্টা (Lamahatta), লোলেগাঁও (Lolegaon), লেপচা জগৎ (Lepcha Jagat), চটকপুর (Chatakpur), সান্দাকফু (Sandakphu), ডুয়ার্স (Dooars), মূর্তি (Murti)-সহ উত্তরবঙ্গের বিভিন্ন পুরোনো-নতুন-অফবিট পর্যটনস্থল। সফরের রোমাঞ্চ দ্বিগুন করতে উত্তরবঙ্গে এবার শুরু হয়েছে প্যারাগ্লাইডিং (Paragliding)-এর মতো নানান রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার।
শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিমি দূরত্বে, রোহিণী (Darjeeling Rohini)-তে প্যারাগ্লাইডিং ও অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি অ্যাডভেঞ্চার হাব। বিশ্ব পর্যটন দিবসের দিনই সরকারিভাবে এই পরিষেবা চালু হয়েছে। এখানে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিংয়ের পাশাপাশি রয়েছে অফ-রোডিং, ওয়াটারফল ট্রেকিং, জঙ্গলে লাঞ্চ, তাঁবু খাটিয়ে ক্যাম্পিং-এর ব্যবস্থা। সবকিছুই অভিজ্ঞ গাইডদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, যাতে ভ্রমণকারীরা সর্বোচ্চ নিরাপত্তায় এবং আনন্দে এই অ্যাডভেঞ্চারগুলোর উপভোগ করতে পারেন।
রোহিণী অ্যাডভেঞ্চার হাব (Rohini Adventure Hub)-এর জন্য শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে কার্শিয়াং রোড ধরে রোহিণী যেতে হবে। তারপর কিছুটা হাঁটা পথে পৌঁছানো যাবে এই হাবে। এখানে ওয়াটারফল ট্রেকিং থেকে শুরু করে এটিভি গাড়ি দিয়ে অফ-রোডিং, জঙ্গলে লাঞ্চ, ক্যাম্পিং এবং প্যারাগ্লাইডিং—সব কিছুরই একটি নির্দিষ্ট খরচ রয়েছে।
