
রূপসী রডোডেনড্রন আর পাখিদের সমাবেশে দার্জিলিং জমজমাট
[রডোডেনড্রনের শাখায় (সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক) দুদণ্ড জিরিয়ে নিচ্ছে হোয়াইট-ব্রোড ফুলভেটা (white-browed fulvetta), ছবি: সৌরভ মণ্ডল]
দার্জিলিং থেকেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল রডোডেনড্রন – পাহাড়ি পথের পাশে চারদিক আলো করে ফুটে থাকা এক ফুল। নিয়ে গিয়েছিলেন উদ্ভিদবিজ্ঞানী জোসেফ হুকার। হুকার পরে বলেছিলেন, এক গোলাপ ছাড়া আর রডোডেনড্রনই একমাত্র ফুল যা ইউরোপে সাড়া ফেলেছিল। তার পর সেই পাহাড়ি ফুলের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে কখনও জেমস জয়েসের উপন্যাসে, কখনও বা রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’য়। বাংলা থেকে ইংরেজি সাহিত্য, রডোডেনড্রনের উপস্থিতি আজও উজ্জ্বল। আর এই রডোডেনড্রনের শাখা-প্রশাখায় যখন বিচিত্র রঙের বিভিন্ন প্রজাতির পাখিরা বসে দুদণ্ড জিরিয়ে নেয়, নিসর্গচিত্র তৈরি হয়। মনপ্রাণ ভরে এই নিসর্গচিত্র উপভোগ করার জন্যই দার্জিলিং-এর সিঙ্গালিলা জাতীয় উদ্যানে (Singalila National Park) এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গালিলা রডোডেনড্রন ও পাখি উৎসব (1st Singalila Rhododendron & Bird Festival)।
মনপ্রাণ ভরে এই নিসর্গচিত্র উপভোগ করার জন্যই দার্জিলিং-এর সিঙ্গালিলা জাতীয় উদ্যানে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গালিলা রডোডেনড্রন ও পাখি উৎসব।
৫ থেকে ৮ এপ্রিল সিঙ্গালিলা জাতীয় উদ্যানে, এই উৎসব হবে বলে জানা যাচ্ছে। জাতীয় উদ্যানের পুরো অংশ জুড়েই উৎসব চলবে। যাঁরা এই উৎসবে অংশগ্রহণ করবেন, প্রধানত গৈরিবাসের ট্রেকারস হাট-এ তাঁদের থাকার ব্যবস্থা হবে। ১৮ বছরের উর্দ্ধে, শারীরিক ভাবে সুস্থ, প্রকৃতিপ্রেমী যে কোনও ব্যক্তিই এই উৎসবে অংশ নিতে পারবেন। উৎসব কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৫ জন অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করবে। নির্বাচন হবে একটি স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে।
৫ এপ্রিল, উৎসবের উদ্বোধনী দিনে, দুপুর দুটোর মধ্যে মানেভঞ্জন ইন্টারপ্রিটেশন সেন্টারে অংশগ্রহণকারীদের নিজেদের নাম নিবন্ধন করতে হবে। ট্রেকার্স হাটের তাঁবুতে একা বা শেয়ারে থাকা যাবে। ট্রেকার্স হাটে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করবে আয়োজক কমিটি।
এমনকি pick up and drop-এর সুবিধা দেয়ারও ব্যবস্থা করবে আয়োজকরা। আগামী ৫ এপ্রিল দার্জিলিংয়ের ঘুম থেকে অংশগ্রহণকারীদের pick up-এর সুবিধা দেওয়া হবে, সেখান থেকে তাঁদের গৈরিবাসে নিয়ে যাওয়া হবে। একইভাবে আগামী ৮ এপ্রিল গৈরিবাস থেকে ঘুম পর্যন্ত drop-এর সুবিধা দেওয়া হবে।
সমস্ত নিবন্ধিত (বাছাইকৃত) অংশগ্রহণকারীদের তাঁদের সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী, যেমন- দূরবীন, ফটোগ্রাফি সরঞ্জাম, স্লিপিং ব্যাগ, শীতকালীন পোশাক, জলের বোতল, টর্চ এবং ফার্স্ট এইড কিট ইত্যাদি নিতে হবে। আবশ্যিক ভাবে প্রত্যেককে স্লিপিং ব্যাগ নিতে হবে কারণ, ঐ সময় তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কম থাকে। রাতে অত্যন্ত ঠান্ডা থাকে। অনেক উঁচুতে এই উৎসব অনুষ্ঠিত হবে তাই, অংশগ্রহণকারীদের কমপক্ষে একদিন আগে দার্জিলিংয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে, উচ্চতা এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।
অংশগ্রহণ ফি প্রতি জন প্রতি ১৫,০০০.০০ টাকা। নির্বাচিত অংশগ্রহণকারীদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। নিবন্ধন বাতিল করতে চাইলে ৩১ মার্চ বিকেল ৫টার আগে singalilabirdfest@gmail.com-এ ইমেল করে কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিশদে জানতে যোগাযোগ করুন:
শ্রী সমীর গাজমার, ডব্লিউবিএফএস, এডিএফও দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশন, মোবাইল নং: ৯৬৪১৮০৭৬০৩ (ফোন/হোয়াটসঅ্যাপ) এবং শ্রী রোশন রাই, রেঞ্জ অফিসার, সিঙ্গালিলা সাউথ রেঞ্জ। মোবাইল নং: ৯০৬৪৫৫০৯২৫ (ফোন/হোয়াটসঅ্যাপ)
ডাক ঠিকানা: বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, দার্জিলিং বন্যপ্রাণী বিভাগ। বাংলার প্রাকৃতিক ইতিহাস মিউজিয়াম, মিডো ব্যাংক রোড, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত। পিন- ৭৩৪১০১
