
রাজ্যে এগিয়ে তথ্যপ্রযুক্তি, বাড়ছে কর্মসংস্থান
বাংলা এখন তথ্যপ্রযুক্তিতে আগের চেয়ে অনেক এগিয়ে। বিভিন্ন বানিজ্যিক সংস্থা এখানে বিনিয়োগ করছে। আমেরিকার সিলিকন ভ্যালির মতো এখানেও সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। ইনফোসিস (Infosys) তাই কলকাতার জন্য নতুন গৌরব নিয়ে আসবে। গত ১৮ ডিসেম্বর, বুধবার নিউটাউনের হাতিশালায় রাজ্যে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করে এই কথাগুলিই বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্রও।

কলকাতার ক্যাম্পাস গোটা পূর্ব ভারতের অন্যতম আইটি হাব হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। হাতিশালায় প্রায় ১৭ একর জমির উপর ৪২৬ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ইনফোসিসের এই নতুন ক্যাম্পাস। সংস্থার তরফে দাবি করা হয়েছে, নতুন ক্যাম্পাসে প্রায় চার হাজার কর্মসংস্থান হবে।
আরও পড়ুন: বাণিজ্য বসতে বাংলা
১৯৮১ সালে যাত্রা শুরু ইনফোসিসের, তারপর থেকে ক্রমশ বেড়ে ওঠা। ৫৬টি দেশে এখন ব্যবসা রয়েছে ভারতীয় এই সংস্থার। সারা বিশ্বে মোট কর্মীদের মধ্যে ৪০ শতাংশ মহিলা রয়েছেন। নানা দেশের নাগরিক রয়েছেন এই সংস্থার কর্মীদের তালিকায়। আইটি ও আইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবসা রয়েছে এই সংস্থায়। এনার্জি এফিসিয়েন্সি, পুনর্নবীকরণ শক্তি ব্যবহারের দিকেও লক্ষ্য রেখেছ এই সংস্থা, জানিয়েছেন ইনফোসিস লিমিটেড-এর সিইও জয়েশ সাঙ্ঘরাজকা।
প্রসঙ্গত, গত বছরেই কলকাতায় ডেলয়েট অফিস খুলেছিল। এ বার ইনফোসিস। এই ট্রেন্ড বজায় থাকলে আরও নানা সংস্থা কলকাতায় অফিস খুলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে সামগ্রিক ভাবে রাজ্যে কাজের সুযোগও অনেক বাড়বে বলে আশায় নবীন প্রজন্ম।
