কেন নজর কাড়লো ৭ম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন?
২২ নভেম্বর, বুধবার শেষ হল সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা Bengal Global Business Summit (BGBS)। এ বছর এই বাণিজ্য সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি ছিল কারণ, কোভিডের পর সারা বিশ্বে যে আর্থিক মন্দা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পুনরুদ্ধারের চেষ্টা চলেছে গত দুবছর ধরে। সেদিক থেকে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বিভিন্ন কারণে বিশেষ নজড় কেড়েছে। ২১ ও ২২ নভেম্বর, দু’দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও ধনধান্য অডিটোরিয়ামে। বুধবারের সমাপ্তি অনুষ্ঠানে বড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ২০২৩-এর BGBS থেকে মোট ৩৭৬২৮৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। পাশাপাশি এবারের BGBS-এ ১০৮৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন যোগ দিয়েছিল মোট ৪০টি দেশ। মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র ব্রিটেন থেকেই এসেছিলেন ৪০জন ব্যবসায়ী। হাজির ছিলেন বাংলাদেশ, ব্রিটেন, জাপান, লাক্সেমবার্গ-সহ ১৫টি দেশের কূটনীতিবিদেরা। এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দেন, MSME বা ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকে। তাঁর কথায়, ‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। বাংলার গ্রামই এখন গ্রোথ সেন্টার।’ MSME-এর জন্য বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাড়ির মহিলারা ঘরকন্নার পাশাপাশি এই MSME-র মাধ্যমে সংসারে অর্থ সাহায্য করতে পারছেন। ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রাজ্যে রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

কলকাতাকে আন্তর্জাতিক বাণিজ্য মহলের গন্তব্য করে তোলার কথা মাথায় রেখে সম্মেলনের শেষ দিনে ঘোষণা হলো কলকাতায় এবার তৈরি হবে জোড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Centers)। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গোটা দেশেই আছে। বম্বেতে আছে, ব্যাঙ্গালোরেও আছে।
]ব্যবসা করার জন্য বাংলার নিজস্ব উপাদান আছে, মেধা আছে। এছাড়া হস্তশিল্প-কুটির শিল্প-পর্যটনে বাংলার জুড়ি মেলা ভার, এদিনের আলোচনায় তা বারবার উঠে আসে। কূটনীতিবিদদের সামনে ইউনেস্কোর স্বীকৃতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, আগামী বছরের দুর্গাপুজোয় যেন আরও বেশি বিদেশি পর্যটক ভিড় করেন এ রাজ্যে। বলেন, দীঘায় চার-পাঁচ মাসের মধ্যে জগন্নাথ মন্দির তৈরি হবে। সেটাও হবে ভ্রমণের নতুন গন্তব্য। ৩০০ কোটি টাকা খরচে কালীঘাট মন্দির এলাকা উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। সভায় ভারতে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজ়ুকি নিজের পরিচয় দেন বাংলায়। ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্সের মন্তব্য, অন্যান্য সুবিধার সঙ্গে এ রাজ্যের হৃদয়ও আছে। রয়েছে মেধা সম্পদের বিরাট ভান্ডার।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই রাজ্যে ২০০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিলেন দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। রাজ্যে তিন খাতে বিনিয়োগের বিষয়ে জানিয়েছিলেন রিলায়েন্স কর্ণধার। জিও ফাইবারের মাধ্যমে বাংলার প্রতিটা বাড়িকে স্মার্ট হোম করার পরিকল্পনা রয়েছে জিও-র। এর ফলে রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করেন মুকেশ আম্বানি। তাঁর কথায়, রিলায়েন্স রিটেইল দ্রুত স্টোরের সংখ্যা বৃদ্ধি করে আগামী ২ বছরের মধ্যে স্টোর সংখ্যা ১২০০-তে নিয়ে যাবেন। এছাড়াও, তৃতীয় খাত হিসাবে এরাজ্যে বায়ো এনার্জিতে বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।’ নগদহীন লেনদেন দরিদ্র, আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের পক্ষে সুবিধাজনক নয় বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন নগদহীন লেনদেনকে নিশানা করেন। তিনি আরও বলেন যে, ‘৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮ টি মউ (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’
এছাড়া, কলকাতাকে আন্তর্জাতিক বাণিজ্য মহলের গন্তব্য করে তোলার কথা মাথায় রেখে সম্মেলনের শেষ দিনে ঘোষণা হলো কলকাতায় এবার তৈরি হবে জোড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Centers)। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গোটা দেশেই আছে। বম্বেতে আছে, ব্যাঙ্গালোরেও আছে। কলকাতায় একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হবে নিউটাউনে, আর একটি নবদিগন্তে। একটি তৈরি করবে হিডকো, অন্যটি মার্লিন গ্রুপ। স্বাক্ষরিত হয়েছে মউ। সরকারের আশা এর ফলে পশ্চিমবঙ্গের বাণিজ্যক্ষেত্রে সুযোগ-সুবিধা আরও বাড়বে। মুম্বই, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি ও নয়ডার মতো কলকাতাতে তৈরি হবে বিশ্ববাণিজ্য কেন্দ্র।

অন্যদিকে, মউ স্বাক্ষরিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ব্যাঙ্গালোর আইআইএসটি-র সঙ্গে। এর মূল উদ্দেশ্য স্নাতক স্তরের গবেষণা ও শিক্ষক বিনিময়। চিত্রকলার উন্নতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা Synopsys Eda-র মউ স্বাক্ষর হয়। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্দোনেশিয়া ইসলাম ইউনিভার্সিটির মউ। সিকিম স্কিল ইউনিভার্সিটির সঙ্গে অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং ISOAH Data Securities Pvt Ltd-এর মউ স্বাক্ষরও হয় এদিন। এছাড়া, অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে ARU Cambridge-এর চুক্তি। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার Zen Mirai Education Group-এর। Jis গ্রুপের সঙ্গে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি। ইউনিসেফের সঙ্গে উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষার মউ চুক্তি হয়। কলকাতার ক্রেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তি হয়।
আগামী দিনে বাংলাই যে শিল্পের গন্তব্য হতে চলেছে তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলায় দক্ষ শ্রমিক রয়েছে, তাই বিনিয়োগ করে শিল্প গড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না।