প্রত্যেকে গৃহবন্দি, চারপেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করলেন সিউড়ির স্থানীয়রা

৪০ কেজি চাল, ডাল এবং মাংস কিনে খাওয়ানো হয়েছে চারপেয়েদের

করোনার থাবায় ঘরবন্দি প্রত্যেকেই। এই অবস্থায় নিজেদের খাবারের ব্যবস্থা সকলেই যে যার মতো করছেন। যদিও প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা থাকবে, অযথা দোকানে ভিড় করবেন না – এ কথা সাফ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায়-পাড়ায় ঘুরে বেড়ানো চারপেয়ে প্রাণীদের কী হবে! এমন কঠিন অবস্থায় অবলা প্রাণীদের পাশে দাঁড়ালেন বীরভূম জেলার সিউড়ির কিছু স্থানীয় পশুপ্রেমী।

এপারে সিউড়ি, ওপারে করিধ্যা – মাঝখানে ৬০ নম্বর জাতীয় সড়ক। প্রতিদিন এই চত্বরেই প্রায় একশো খানেক কুকুর ঘুরে বেড়ায়। তাপস সিংহ, জনার্দন সিংহ, তুষার সিংহ এবং সুদেব মণ্ডলরা চারপেয়েদের জন্য দায়িত্ব তুলে নিলেন নিজেদের ঘাড়ে। গত সোমবার রাতে এদের জন্য ৪০ কেজি চাল, ডাল এবং মাংস কিনেছেন। টোটোয় চেপে পথকুকুরদের বিলি করছেন সেই খাবার। নিজেরা টাকা দিয়ে এই ব্যবস্থা করেছেন, পাশে পেয়েছেন স্থানীয় কিছু বন্ধু-বান্ধবদেরও। আইসোলেশনে থাকার সময় বাড়িতে যে যার মতো খাবার বন্দোবস্ত করেছেন। কিন্তু অবলাপ্রাণীদের মুখে প্রয়োজনীয় খাবার তুলে দিতে পেরে শান্তিবোধ করছেন সিউড়ির এই একদল মানুষ।

Developed by DXDasia