সোমা মণ্ডল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতির দায়িত্বে

পুরুষ-অধ্যুষিত শিল্পে একজন নারী হিসাবে সোমা গ্রহণ করেছিলেন বহু চ্যালেঞ্জ

সোমা মণ্ডল। ভারতের সর্ববৃহৎ মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ)-এর নেতৃত্বে প্রথম মহিলা। ভারত তার নতুন ইতিহাস রচনা করেছিল, পাশাপাশি সোমা মণ্ডলও ছিলেন সেই ইতিহাসের অন্যতম পুরোধা।

SAIL (Steel Authority of India)-এর পরিচালক হিসাবে তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের পরে, সোমা মণ্ডল ডিসেম্বরে অবসর গ্রহণকারী অনিল কুমার চৌধুরীর কাছ থেকে মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ)-এর সভাপতির দায়িত্ব নেবেন। মিঃ চৌধুরী ২০১৮-র সেপ্টেম্বর থেকে এই কোম্পানির দায়িত্বে ছিলেন। পুরুষ-অধ্যুষিত শিল্পে একজন নারী হিসাবে সোমা যে চ্যালেঞ্জগুলি নিয়েছিলেন, সে সম্পর্কে কথা বলতে গিয়ে নিজেই বলছেন, “আমি এখানে কোনোদিন অন্যরকম অনুভব করিনি। ২০১৭ সালে যখন SAIL-এ এলাম, অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমার চ্যালেঞ্জগুলি কী। আমি তাঁদের দুটি চ্যালেঞ্জের কথা বলেছিলাম। প্রথমটি আমার সেখানে গ্রহণযোগ্যতা এবং দ্বিতীয়টি ছিল স্টিলের বাজারের দিকনির্দেশনা।”

সোমা মণ্ডল এনআইটি রাউরকেল্লা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর শেষ করে ১৯৮৪ সালে যোগ দেন অ্যালুমিনিয়াম নির্মাণকারী সংস্থা নালকো, ভুবনেশ্বরে। প্রথমে প্রশিক্ষণ, পরে নালকোর (NALCO) পরিচালক (বাণিজ্যিক) পদে পদোন্নতি পান। প্রযুক্তি সেলের অংশ হিসাবে তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও জড়িত ছিলেন। ২০১৩ সালে যোগ দেন SAIL পরিবারে। নারী ক্ষমতায়নের বিজয়ী সোমা মণ্ডল জানাচ্ছেন, “আমি জানি, আমার এই নির্বাচন নারী- ক্ষমতায়নকে অনেকটা এগিয়ে দেবে। আমি আবেগ দিয়ে কাজ করেছি, যতটা না অন্য কোনও মানুষ করত…”।

ভুবনেশ্বরের এক বাঙালি পরিবার থেকে উঠে এসেছেন সোমা। বাবা ছিলেন কৃষি অর্থনীতিবিদ। বাবা চেয়েছিলেন তাঁর মেয়ে ডাক্তার হোক। যদিও মেয়ে বেছে নিয়েছেন ইঞ্জিনিয়ারিংকে। স্বামীও ইঞ্জিনিয়ার ছিলেন, কাজ করেছিলেন ইউটিআইয়ের সঙ্গে। ২০০৫ সালে তিনি প্রয়াত হন। সোমার তিন সন্তান বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ির সহায়তায় বড়ো হয়েছে। অ্যালুমিনিয়াম শিল্পে সোমার অর্জন তাঁর ক্যেরিয়ারে বিশাল প্রভাব ফেলেছিল। ২০১৭-র মার্চে তিনি SAIL-এর প্রথম মহিলা পরিচালক হন।

Developed by DXDasia