
বহু বছর পর বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, মৌসুমী চ্যাটার্জি
এ যেন স্বর্ণযুগ! শহরের রাস্তায় হাঁটলেই রাজপথ থেকে গলি সর্বত্র চোখে পড়ছে বর্ষীয়ান অভিনেতাদের মুখ। কখনও শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), রাখি গুলজার (Rakhee Gulzar), কখনও আবার মৌসুমী চ্যাটার্জি (Moushumi Chatterjee), অপর্ণা সেন (Aparna Sen)। বাংলা তথা ভারতীয় ছবিতে একসময়ের ডাইসাইটে অভিনেত্রী প্রত্যেকেই। দর্শকমনে এখনও তাঁরা উজ্জ্বল। পরিচালনার সূত্রে বাংলা ছবিতে অপর্ণা সেনকে পাওয়া গেলেও শর্মিলা, রাখি বা মৌসুমীদের পাওয়া দুষ্কর। দীর্ঘদিন পর আবার তাঁরা ফিরলেন। অতএব সময়টাকে স্বর্ণযুগে ফিরে যাওয়া বললে ভুল কিছু হবে কি?
পুরাতন ছবিতে শর্মিলা ঠাকুর
২০২৫ সালের বাংলা ছবির প্রধান মুখ এঁরাই। এঁদের কথা ভেবেই চিত্রনাট্য লেখা হচ্ছে। তাহলে কি বাংলা ছবির নতুন মোড় ঘুরল? ফেস্টিভ্যাল হোক বা বক্স অফিস, বাংলা ছবির সাফল্যের চাবিকাঠি এখন প্রবীণদের হাতে?
প্রায় ১৫ বছর পর আবার বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। সম্ভবত তাঁর শেষ বাংলা ছবি ছিল ‘অন্তহীন’ (২০০৯)। সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ ছবির মাধ্যমে এই প্রত্যাবর্তন। এ-ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ২২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। তাঁকে শেষ দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’ (২০০৩) ছবিতে। সে ছবির কথা আলাদা করে বলার দরকার নেই, কারণ ঋতুপর্ণর অন্যতম বিখ্যাত সিনেমা ছিল শুভ মহরৎ। ‘আমার বস’ ছবিতে রাখির সঙ্গে অভিনয় করেছেন শিবপ্রসাদও। পাশাপাশি ১২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন কিংবদন্তি মৌসুমী চ্যাটার্জি। জিৎ চক্রবর্তীর পরিচালনায় মৌসুমীর প্রত্যাবর্তন হল ‘আড়ি’ ছবিতে। তাঁর শেষ বাংলা ছবি ছিল অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ (২০১৩)।
আড়ি ছবিতে মৌসুমী চ্যাটার্জি
সব বাঙালিই জানেন এই তিন কিংবদন্তির মাহাত্ম্য। তিনজনেই বাংলার অহংকার। এই তিন অভিনেত্রী ছাড়া ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস অসম্পূর্ণ। কিন্তু বাঙালিদের ভালোলাগা অন্য জায়গায়। ২০২৫ সালের বাংলা ছবির প্রধান মুখ এঁরাই। এঁদের কথা ভেবেই চিত্রনাট্য লেখা হচ্ছে। তাহলে কি বাংলা ছবির মোড় ঘুরল? ফেস্টিভ্যাল হোক বা বক্স অফিস, বাংলা ছবির সাফল্যের চাবিকাঠি এখন প্রবীণদের হাতে? কিছু মাস আগেই পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ মুক্তি পেয়েছিল। সেখানে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। জানা গিয়েছে, একটি বাংলা ছবিতে দীর্ঘদিন পর ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। মমতা শংকর, পরাণ বন্দ্যোপাধ্যায় এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন।
আমার বস ছবিতে রাখি গুলজার
গত বছর থেকেই নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা ছবি। মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা অনেক কমলেও বক্সঅফিস বেড়েছে হু-হু করে। বর্ষীয়ানদের বাংলায় প্রত্যাবর্তন নতুন কোনো দিকনির্দেশ দিতে পারবে কিনা তা সময়ের অপেক্ষা। তবে বড়োপর্দায় বর্ষীয়ানদের উপস্থিতি ছবির মূল্য যে বাড়িয়ে দেয়, সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না।
