
জিভে জল আনা কেকের রেসিপি হাতের মুঠোয়
রাত পোহালেই বড়োদিন। আমাদের কেক খাওয়ার উৎসব। নাহুমস, সালদানা-সহ কলকাতার নামি-দামি বেকারিতে লম্বা লাইন। নতুন কেকের বাহারে দোকানগুলোও ভরে উঠেছে। কিন্তু এমন দিনে বিশেষ কেক নাহলে জমে না। তার জন্যে বড়ো বেকারিতে না ছুটে নিজেই বানিয়ে নিন না বড়োদিনের কেক।
খাটনি অবশ্যই আছে, কিন্তু অসম্ভব নয় মোটেও। উপকরণগুলো কিনে নিন শুধু। মাইক্রো-ওভেন না থাকলেও দিব্বি বানানো যাবে কেক। শুধু মাপজোখ আর রেসিপিটা খেয়াল রাখলেই হবে। ঠিকমতো তৈরি করতে পারলে যে-কোনো বড়ো বেকারিকে স্বাদে টেক্কা দেবে আপনার হাতে বানানো এই কেক।
উপকরণ:
২০০ গ্রাম ড্রাই ফল রামে ভেজানো- কালো কিসমিস, শুকনো ক্র্যানবেরি, ব্লু বেরি, টুটি-ফ্রুটি, ব্ল্যাককারেন্ট, চেরি, ওরেঞ্জ পিল (নিজেদের পছন্দের যে কোনো ফল)
ময়দা- ১ কাপ (১২০ গ্রাম)
আমন্ড বাদাম-গুঁড়ো- ১/৩ কাপ
ব্রাউন সুগার- ১ কাপ
মাখন- ১১৪ গ্রাম
ডিম- ৩টে
এলাচ গুঁড়ো- হাফ চামচ
দারুচিনি গুঁড়ো- হাফ চামচ
জায়ফল গুঁড়ো- ১ চামচ
বেকিং পাউডার- ১ চামচ
বাদাম- কাজু, পেস্তা, আখরোট, আমন্ড ছোটো ছোটো টুকরোয় কাটা (নিজেদের প্রয়োজনমতো)
ভ্যানিলা এসেন্স- ১ চামচ
পার্চমেন্ট পেপার

প্রনালী:
রামের মধ্যে ড্রাই ফ্রুটস অন্তত দিন ১০-১৫ ভিজিয়ে রাখা উচিত। কিন্তু, এই ক্রিসমাসেই কেক বানাতে চাইলে এ-নিয়ম আপনাকে ভাঙতে হবে। সেক্ষেত্রে অন্তত সারারাত ভিজিয়ে রাখুন। কেক বানানোর আগে বাদামের টুকরোগুলোয় সামান্য ময়দা মাখিয়ে রাখুন। একটি পাত্রে ময়দা, আমন্ড বাদাম-গুঁড়ো, সমস্ত গুড়োমশলা, বেকিং পাউডার একটি চালুনির সাহায্যে ছেঁকে, হুয়িস্ক দিয়ে ভালো করে সবটা মিশিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে ঘরের তাপমাত্রায় থাকা মাখন, হুইস্ক দিয়ে ফ্যাকাশে হলুদ ক্রিমের মতো না হওয়া পর্যন্ত ফ্যাটাতে থাকুন। এরপর, ব্রাউন সুগার দিয়ে ফের ভালো করে ফেটিয়ে নিন। একটা-একটা করে ডিম দিয়ে পরপর ফেটাতে থাকুন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। আরেকবার সবটা মিশিয়ে নিন। এরপর শুকনো ব্যাটার দিয়ে একটু-একটু করে স্প্যাচুলা দিয়ে ঘড়ির কাঁটার অভিমুখে ফোল্ড করে করে মিশিয়ে নিন। রামে ভেজানো ফলগুলো এবং বাদামগুলো যোগ করে সবটা মিশিয়ে নিন। অ্যালুমিনিয়াম ফয়েল বা কেক মোলের ভিতরে চারধারে মাখন লাগিয়ে দিন এবং তার ভিতরে সমান মাপের পার্চমেন্ট পেপার কেটে বসিয়ে দিন। ব্যাটারটা পাত্রে ঢেলে দিন। প্রেসার কুকারে নুন দিন বেশ খানিকটা ও হুইসেলের ঢাকনা খুলে ও আটকে মাঝারি আঁচে পনেরো মিনিট গরম করুন। ঢাকা খুলে, পাত্র রাখার স্ট্যান্ড বসিয়ে, কেকের পাত্রটি তার ওপর বসিয়ে ফের ঢাকা আটকে একদম অল্প আঁচে বসিয়ে দিন। ৯০ মিনিট পর ঢাকা খুলুন। টুথ পিক গেঁথে দেখে নিন কেক তৈরি কিনা। টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন কেক তৈরি। নাহলে আরো মিনিট ২০ রাখুন।
যাঁরা মাইক্রো-ওভেনে কেক বানাবেন, তাঁরা কেকের মোলটি ঢোকানোর আগে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন গরম করে নেবেন। এক্ষেত্রেও কেক তৈরি হতে কমপক্ষে ঘণ্টা দেড়েক লাগবে।
