গালফোলা মালপোয়া তাল সহযোগে

তালের তৈরি এই মিষ্টির স্বাদে বুঁদ হোন

সব গাছ ছাড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে থাকে তালগাছ। কোনো তালের গায়ের রঙ মিশকালো, কোনোটা লালচে। কালো তালের ওপর বাঙালিদের লোভ সেই আদ্যিকাল থেকে। চৈতন্যদেবকে কত ব্যঞ্জন দিয়ে সেবা করছেন ভক্ত-গৃহিণী, সেখানেও রয়েছে তালের বড়া। তাল বলতেই আমরা বুঝি জন্মাষ্টমীতে তালের বড়া আর তালের ক্ষীর। তবে, এই দুটি বাদ দিয়েও তালের তৈরি মিষ্টি আছে বাংলার ভাঁড়ারে। তারই একটার কথা বলব আজ।

মালপোয়া বাংলার অতি পরিচিত এক মিষ্টি। সুকুমার রায় মনে পড়ে? “গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা,/ ধুক ক’রে নিভে গেল বুক ভরা আশা”। সেই মুখফোলা গোল মালপোয়াকেই যদি বানানো যায় তাল-সহযোগে? খেতে অতি উপাদেয় সেই পদেরই সন্ধান থাকল আজ। প্রস্তুতি সামান্য জটিল। 

উপকরণ:

তাল- হাফ কাপ
সুজি- হাফ কাপ
ময়দা- ১ কাপ
চিনি- হাফ কাপ (প্রয়োজন বুঝে বাড়ানো যেতে পারে)
দুধ- দেড় কাপ
মৌরি- সামান্য
নুন- সামান্য
সাদা তেল পরিমাণ মতো।

চিনির সিরার জন্য লাগবে—

চিনি- হাফ কাপ
জল- হাফ কাপ
এলাচ – দু-তিনটে

প্রণালি:

প্রথমে একটা পাত্রে ময়দা ছেঁকে ঢালতে হবে, তারপর সুজি, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে দুধ যোগ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে তৈরি করে এক ঘণ্টার জন্য রেখে দিতে হবে। এই সময় তাল ছাড়িয়ে তালের কাঁই বের করে নিয়ে জাল জাতীয় কিছু বা নেটের কিছু দিয়ে ছেঁকে নিতে হবে তালটা। সেখান থেকে হাফ কাপ নিয়ে এক ঘণ্টা পর আগে তৈরি করা ব্যাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়ে ঢেউ খেলানো গোল ধরনের ছোটো হাতার সাহায্য অল্প করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো তৈরি করতে হবে। দেখতেই পাবেন সুন্দর লুচির মতো দুপাশ ফুলে উঠছে, একটু উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে তুলে নিন। মিষ্টি বেশি বা রসালো মালপোয়া ভালো লাগলে চিনির সিরা তৈরি করে উপর দিয়ে ছড়িয়ে দিন। ব্যাস, সুস্বাদু তালের মালপোয়া তৈরি। 

 

Developed by DXDasia