
২০ সেপ্টেম্বর মুক্তি, পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি হল পেয়েছে এই ছবি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ আশ্রিত প্রদীপ্ত ভট্টাচার্যের নতুন ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার। ছবির প্রত্যেকটি গান মানুষের ভালো লেগেছে। গানগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শহর-গ্রাম-মফস্সলের অধিকাংশ মানুষ তুমুল প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ দর্শকের মন ছুঁয়েছে ছবির ট্রেলারও। এতদূর অবধি সব ঠিক ছিল। কিন্তু গতকাল সন্ধেয় পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের একটি পোস্ট ঘিরে শুরু হয় প্রতিবাদের ঝড়।

প্রদীপ্ত ভট্টাচার্যের ফেসবুক পোস্ট
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সারা পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি সিনেমাহল পেয়েছে। ত্রিপুরায় একটি। সব মিলিয়ে মাত্র ছ’টি হল। কলকাতায় একটিও হল পায়নি এই ছবি। হতাশ হয়েছেন ছবির কলাকুশলীরা। ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতার নাগরিকদের একাংশ। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য আগেও বারবার বলেছেন, এই ছবির উপস্থাপনা এবং নির্মাণ পদ্ধতি অনেকটাই নাগরিক, যেভাবে লার্জ স্কেলে শ্রীকান্তর জার্নি দেখানো হয়েছে, মানুষ হলে গিয়ে না দেখলে বুঝতেই পারবেন না। বাণিজ্যিক সংস্কৃতির কেন্দ্র বলা হয় রাজধানী শহর কলকাতাকে। কিন্তু সেই শহরেই দেখা যায়, কিছু মশালাদার, নকল করা সস্তার ছবি একশোর উপর হল পাচ্ছে। পাশাপাশি যাঁরা সত্যি সত্যি এখনও সৎভাবে সিনেমা বানিয়ে যাচ্ছেন, শিল্পকে শিল্পের মতো করে উপস্থাপন করতে চাইছেন, তখন পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এই আস্ত শহর। নাকি এর মধ্যে কাজ করছে অন্য কোনো রাজনীতি? সময় আসবেই এই উত্তর খোঁজার।
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির ট্রেলার
২০ সেপ্টেম্বর এই ছবি আপাতত মুক্তি পাচ্ছে আনন্দময়ী (উদয়নারায়ণপুর), মিলন (বারুইপুর), রথীন্দ্র (সোদপুর), নিউ সিনেমা (কোচবিহার), রথীন্দ্র মঞ্চ (শিলিগুড়ি) এবং রূপসী (আগরতলা)-তে।
পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য বলছেন, “বাংলা ছবির প্রতি যথেচ্ছ করুণা বর্ষণ করুন… খুবই খারাপ লাগছে… কিন্তু হাল ছাড়া যাবে না… ছবি আমরা দেখাবোই…”। সংগীতশিল্পী তিমির বিশ্বাস বলেছেন, “আমি হতবাক”। শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেছেন, “আগরতলা, উদয়নারায়নপুর, সোদপুর, কোচবিহার, শিলিগুড়ি ছাড়া আপাতত আমাদের ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র আর কোথাও মুক্তি পাবার খবর নেই। যাদের চার দিনের মধ্যেই দেখতে বলেছিলাম জানি না কোথায় দেখবে তারা। আমিই বা কোথায় দেখবো। তাও দেখা হবে যেভাবেই হোক।” ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, অপরাজিতা ঘোষ দাস, সায়ন, রাহুল বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘বাকিটা ব্যক্তিগত’ ছবির জন্য সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রদীপ্ত ভট্টাচার্য। সেটিই ছিল তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
