১৯৮৩ সালে আজকের দিনেই প্রথম মঞ্চস্থ হল ‘নাথবতী অনাথবৎ’

পঞ্চম বৈদিক নাট্যদলের ৩৭তম জন্মদিন

‘নাথবতী অনাথবৎ’, ‘কথা অমৃতসমান’, ‘পশু,খামার’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘অচলায়তন’ কিংবা হাল আমলের ‘কারুবাসনা’, ‘মাছি’, ‘আমোদিত রোদ্দুর’ — পঞ্চম বৈদিক প্রযোজিত এই থিয়েটারগুলি বাঙালি শিল্পপ্রেমী তথা রসিকজনেরা দ্যাখেননি, এরকম মানুষ হাতে গুনে পাওয়া যাবে। প্রত্যেকটি প্রযোজনাই নিজস্বতার গুণে সার্থক হয়ে উঠেছে। বাংলা থিয়েটারের মঞ্চে ধ্বনিত হয়েছে সম্ভাবনার বার্তা; যে সম্ভাবনা হাজির করেছে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বক্তব্য৷

নাথবতী অনাথবৎ

 আজ ১১ অগাস্ট, পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্যদল ‘পঞ্চম বৈদিক’-এর ৩৭তম জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে দলের যাত্রা শুরু হয়েছিল। কালজয়ী নাটক শম্ভু মিত্র প্রযোজিত এবং শাঁওলি মিত্র রচিত ও নির্দেশিত ‘নাথবতী অনাথবৎ’-এর অভিনয়ের মাধ্যমে দলের শুভারম্ভ। ১১, ১২ আর ১৪ অগাস্ট ছিল এই নাটকের প্রথম তিনটি অভিনয়। প্রথম দুই দিন শিশির মঞ্চে, তৃতীয় অভিনয় রবিবার সকালে একাডেমিতে।

অচলায়তন

মাছি

 পঞ্চম বৈদিক আজ তাদের বয়ানে বলেছে, “আজকের এই বিশেষ দিনটিতে জন্মলগ্নের সেইসব গুরুজনদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসাকে পাথেয় করে পঞ্চম বৈদিক আজও এগিয়ে চলেছে, তাঁদের প্রতি জানাই আমাদের প্রণাম ও কৃতজ্ঞতা। প্রণাম জানাই আমাদের প্রতিষ্ঠাতা সদস্য শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রর প্রতি। আমাদের প্রিয় শ্রদ্ধেয়া শাঁওলীদির প্রতি জানাই প্রণাম ও ভালোবাসা। সকল নাট্যমোদী মানুষকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।”

কারুবাসনা

পঞ্চম বৈদিক সমসময়ের কথা বলতে চেয়েছে বারবার৷ এই দলের প্রতিটি প্রযোজনাই চরম রাজনৈতিক। যেখানে বিভিন্ন মোড়কে উঠে আসে দারিদ্রতা, আত্মহত্যা, নিঃসঙ্গতা — যা আবিষ্ট করে তোলে দর্শকদের মন। শুভ জন্মদিন পঞ্চম বৈদিক।

Developed by DXDasia