
বেশ কয়েকটি মণ্ডপে দুর্গার চোখ আঁকেন তিনি
প্রত্যেক শরৎকালে চিন্ময়ী মা দুর্গাকে মৃন্ময়ী রূপ দান করাই তাঁর নেশা। নির্বাচনে জিতে বিধায়ক হয়েও সেই টানকে উপেক্ষা করতে পারেননি। প্রচুর কাজের মধ্যেই সময় বের করে নিজের বাড়িতে এসে মূর্তি গড়ার কাজে হাত দিয়েছেন।
তিনি কান্দির বিধায়ক বনু খান ওরফে সফিউল আলম খান। ভালো ফুটবলার, গায়ক এবং শিল্পী হিসেবে এলাকায় জনপ্রিয়তা আছে তাঁর। পাড়ার প্রতিমাশিল্পী গোপীনাথ দাসের থেকে শিখেছেন মূর্তি বানানোর কাজ। কঠোর অধ্যাবসারের মাধ্যমে প্রতিমার কাঠামো বানানো, তাতে মাটির প্রলেপ দেওয়া, চোখ আঁকা সবেতেই দক্ষ হয়ে উঠেছেন সফিউল।
এখন বনু খান ফিনিশিং-এর কাজে গোপীনাথকে সাহায্য করেন। দুর্গা ছাড়াও কালী-সরস্বতীর মূর্তি নিজের হাতে গড়েন তিনি। বেশ কয়েকটি মণ্ডপে দুর্গার চোখ আঁকেন। বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরির খরচ সফিউল আলম খান বহন করে আসছেন।
