কাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চোখ থাকুক এই সিনেমাগুলিতে

একাধিক প্রেক্ষাগৃহে অসংখ্য সিনেমা, দেখবেন কোনগুলো?

মহা সমারোহে চলছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ নভেম্বর, রবিবার সকাল থেকে রাত অবধি কলকাতার ১৬টি প্রেক্ষাগৃহে থাকছে অসংখ্য সিনেমা। এরই মধ্যে আমরা বেছে নিলাম কয়েকটিকে। ‘বুলবুল’-এর দাপটে বৃষ্টি বাড়লেও সিনেমাপাগলদের ভিড়ও নিশ্চয়ই থাকবে প্রেক্ষাগৃহগুলোতে। কাল নজরে থাকুক এই সিনেমাগুলিও।     

নন্দন- ১এ, সকাল ৯টায়, ফোকাস জার্মানি বিভাগে দেখানো হবে আলেকজান্ডার ক্লুগের ‘ইয়েস্টার্ডে গার্ল’। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়েস্টার্ডে গার্ল’-এর কাহিনি ও পরিচালনা আলেকজান্ডার ক্লুগের। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছেন ক্লুগ স্বয়ং। ‘অ্যানিটা জি’ নামে নিজেরই একটি ছোটোগল্পকে চিত্রনাট্যে বুনেছিলেন ক্লুগ। পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে বয়ে আসা এক ছিন্নমূল মেয়ের গল্প বলে এই সিনেমা। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন ছাড়াও চার-চারটি জার্মান পুরস্কারে ভূষিত এই সিনেমা দেখার জন্য মুখিয়ে কলকাতার সিনে পাগলরা।

নন্দন ১-এ, বিকেল ৫টায়, সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে থাকছে তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘রোম রোম মে’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। বুসান চলচ্চিত্র উৎসবে উচ্চ প্রশংসিত হয়েছে এই ছবি। রোমে গিয়ে স্বাধীনতা খুঁজে পায় রিনা (তন্নিষ্ঠা), তাঁকে খুঁজতে রোমে আসে ভাই রাজ (নওয়াজউদ্দিন)। এই খোঁজই ক্রমে পরিণত হয় চরিত্রদের আত্ম-আবিষ্কারে। ইতিমধ্যেই এই সিনেমাকে ঘিরে আগ্রহ ঘন হয়েছে দর্শকদের। 

নন্দন ১-এই, সন্ধে ৭টা ১৫-তে, মায়েস্ত্রো বিভাগে থাকছে গৌতম ঘোষের হিন্দি ছবি ‘রাহগির’। প্রফুল্ল রায়ের ছোট গল্প ‘বর্ষায় একদিন’ অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, ওঙ্কার দাস মানিকপুরী প্রমুখ। তিন হতদরিদ্র মানুষ, একজন গাড়িচালক এবং তাঁর খারাপ হয়ে যাওয়া গাড়ি, সেই গাড়িতে থাকা বৃদ্ধ ও অসুস্থ দম্পতিকে ঘিরে গড়াবে এই সিনেমার গল্প। এখানে জীবনে টিকে থাকার লড়াইয়ের পাশে বয়ে চলেছে মানবিক মূল্যবোধের নদী। সেই দ্বন্দ্বেই আবর্তিত ছবির গল্প ও চরিত্ররা। কাল অবশ্যই দেখতে হবে এই ছবি।

নন্দন ১-এর পাশাপাশি নন্দন ২ ও নন্দন ৩-এও থাকছে একাধিক সিনেমা। নন্দন ৩-এ নজর থাকবে সকাল ১১.১৫-তে জার্মান ক্লাসিকস বিভাগের ছবি ‘দাস ক্যাবিনেট দেস ডঃ কালিগারি’-তে। ১৯২০ সালে মুক্তিপ্রাপ্ত রবার্ট উইনির এই বিখ্যাত নির্বাক চলচ্চিত্রটি আদতে একটি হরর মুভি। জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার অন্যতম সেরা উদাহরণ বলা যেতে পারে এই সিনেমাকে। শিশির মঞ্চে সন্ধে ৬টা ৪৫-এ গ্রেট মাস্টার্স বিভাগে থাকছে আরো এক কিংবদন্তি বার্তালুচির ‘দ্য কমফরমিস্ট’। অ্যালবের্তো মোরাভিয়ার উপন্যাস অবলম্বনে নির্মিত এই পলিটিকাল ড্রামা বার্তালুচির অন্যতম সেরা ছবি।

রবীন্দ্রসদনে সকাল ১১.১৫-এ ডিরেক্টারস চয়েসে ফোলকার স্লনডর্ফের ‘ডিয়ে ফালসচুং’-এও চোখ থাকবে সিনেপ্রেমীদের। যুদ্ধবিরোধী এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে। রবীন্দ্রসদনেই বিকেল ৩.১৫-তে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) বিভাগে দেখানো হবে আদিত্য কৃপালিনীর ‘দেবী অওর হিরো’। আদিত্যর এটি তৃতীয় ছবি। প্রথম ছবি ‘লক্ষ্মী বম্ব’ বার্লিন ইন্ডিপেন্ডেন্ট দিল্ম ফেস্টিভালে সেরা ছবির শিরোপা জিতে নিয়েছিল। পুরস্কার এসেছিল ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভাল থেকেও। ‘দেবী অওর হিরো’-তে অন্যতম চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা শতরূপা। এরপর, বিকেল ৫.১৫-তে বেঙ্গলি প্যানোরমায় থাকছে সুব্রত সেনের ‘তবুও নন্দিনী’। ২০১১ সালে এই ছবির প্রথম শ্যুটিং সেরেছিলেন সুব্রত। অভিনয় করেছেন মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়, ব্রাত্য বসু, হিয়া বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু প্রমুখ।

নন্দন ও রবীন্দ্রসদন চত্বরের বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ জুড়ে চলছে চলচ্চিত্র উৎসব। নজরুল তীর্থে সকাল ১১টায় মায়েস্ত্রো বিভাগে থাকছে কেন লোচের ‘সরি উই মিসড ইউ’। কেন লোচের এই সিনেমাটি ইতিমধ্যেই গোটা বিশ্বে উচ্চ প্রশংসিত। কান ফিল্ম ফেস্টিভালে একাধিক পুরস্কারের তালিকায় ছিল এই ছবি। এবারে কলকাতার দর্শকরাও এই ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।  

ভারতীয় সিনেমার প্রতিযোগিতামূলক বিভাগে ইন্দ্রাশিস আচার্য-র পার্সেল ছবিটি দেখা যাবে অজন্তা সিনেমায়। সন্ধে ৬টায়। এর আগে ইন্দ্রাশিসের ‘পিউপা’-ও একই বিভাগে মনোনীত হয়েছিল। এই ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়। নন্দিনী-সৌভিকের (অভিনয়ে ঋতুপর্ণা-শাশ্বত) দাম্পত্যে হঠাৎ বিপদের বার্তা নিয়ে হাজির হয় একটি পার্সেল। তারপর বাঁক বদল হয় গল্পের। সেই বদল প্রেক্ষাগৃহে বসে দেখাই ভালো। এছাড়া, চোখ থাকুক নিউ এম্পায়ার প্রেক্ষাগৃহে ডারনিয়ার আমোর (ক্যাসানোভা, লাস্ট লাভ)-এও। দুপুর ৩টে থেকে মায়েস্ত্রো বিভাগে দেখানো হবে বেনোইট জ্যাকোঁর এই অসামান্য চলচ্চিত্র। 

Developed by DXDasia