
পাথর দুটি নিয়ে শোনা যায় বেশ কিছু গল্প
সত্যজিৎ রায়ের কিংবদন্তি ছবি ‘অভিযান’ (১৯৬২) নিশ্চয়ই দেখেছেন? সম্ভবত এই সিনেমার মাধ্যমেই মামা ভাগ্নে পাহাড়ের নাম ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। সত্যজিতের চলচ্চিত্রে একটি পাথরের ওপর আরেকটি পাথর প্রতীকী অর্থে হয়ে উঠেছিল মানব সভ্যতার চিরন্তন অপরাধের বোঝা। এই পাহাড় এখন দুবরাজপুরের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।

বাঙালি সমাজে মামা এবং ভাগ্নের সম্পর্ক খুব অন্তরঙ্গ। দুটো পাথর একটার ওপর অন্যটি যেভাবে রয়েছে, যা নিয়ে গড়ে উঠেছে বেশ কিছু জনশ্রুতি। ভৌগোলিক গঠন থেকে জানা যায়, এই দুটি পাথর হল গোলাকার গ্রানাইট। চারদিকে দেখতে পাবেন আরও অনেক গোলাকার ধূসর গ্রানাইট, গোলাপি কোয়ার্টজ, ধূসর ফেল্ডস্পার এবং কালো অভ্র। তবে অন্য কোনও পাথরই এমন সুন্দর ভারাসাম্যে নেই।

পাথর দুটির এমন অবস্থান বেশ আশ্চর্যের। সবুজ কৃষিজমির মাঝখানে একেবারেই বেমানান। স্থানীয় মানুষেরা এর ব্যাখ্যা দিতে কয়েকটি গল্প বলে থাকেন। যেমন, ত্রেতাযুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র। সমুদ্র পার হওয়ার জন্য সেতু নির্মাণের প্রয়োজন ছিল। রথে করে তিনি উড়ে যান হিমালয়। অনেক পাথর নিয়ে রথ আবার সমুদ্রের তীরে রওনা দেয়। পথে কিছু পাথর রথ থেকে পরে যায়। যা এখন দুবরাজপুরে রয়েছে।

আরেকটি গল্পে বলা হয়, বিশ্বকর্মাকে এক রাতের মধ্যে দ্বিতীয় বারাণসী গড়ে তুলতে নির্দেশ দিয়েছিলেন মহাদেব শিব। কিন্তু ভোর হয়ে যাওয়ায় বিশ্বকর্মা কাজ অসমাপ্ত রেখে দেন। সেই থেকে পাথরগুলি দুবরাজপুরেই পড়ে আছে।
ভূতত্ত্ববিদরা অবশ্য বলেন, অনেক অনেক বছর আগে আগ্নেয়গিরি বিস্ফোরণে তৈরি হয়েছিল ছোটোনাগপুর মালভূমি। তার ফলে বেশ কিছু বড়ো বড়ো পাথর ভূপৃষ্ঠের ওপর চলে আসে। তবে পুরাণ হোক বা ভূতত্ত্ব, কেউই জানাতে পারেনি, কীভাবে একটা পাথরের ওপর আরেকটা পাথর বজায় রেখেছে ভারসাম্য, কতদিন ধরে রয়েছে, কেনই বা পড়ে যাচ্ছে না!

মামা-ভাগ্নে পাহাড়ে ঘুরতে গেলে টের পাবেন চারদিকে মায়াবী রহস্যের পরিবেশ। নিঃস্তব্ধ বাতাবরণ। জনসংখ্যা খুবই কম। প্রাণের চিহ্ন বলতে সুদূর পাহাড়ের নিচে চরতে থাকা পশুর দল এবং তাদের পালক রাখাল। রয়েছে আরেকটি দর্শনীয় স্থান – পাহাড়েশ্বর শিব মন্দির।

দুরবাজপুর থেকে বীরভূম জেলার সদর শহর সিউড়ির দূরত্ব ২৩ কিলোমিটার। আর শান্তিনিকেতন প্রায় ৪৫ কিলোমিটার দূরে। একদিনেই বেড়াতে যেতে পারেন সেখানে। কলকাতা থেকে সহজে রেল এবং সড়কপথে পৌঁছনো যায়। শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে কয়েকদিন পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে থাকতে পরামর্শ দেবো আমরা। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন –

West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com