২৩ কোটি টাকার বিক্রি বইমেলায়, ২০২১ সালের থিম কান্ট্রি ‘বাংলাদেশ’

২০২১ সাল মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বছরটি তাই মুজিববর্ষ হিসাবে পালিত হবে

রাত ন’টা। মেলাশেষের ঘণ্টা। বইপ্রেমীদের হাততালি। মনখারাপ। ভেজা চোখ। শেষ হল ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গতকাল সেন্ট্রাল পার্কের বইমেলার মঞ্চ থেকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশ দে জানালেন, ২০২০ সালের বইমেলায় রেকর্ড সংখ্যক ভিড় ও বই বিক্রির কথা। এবছর প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে। লোক হয়েছিল প্রায় ২৫ লক্ষ। গতবারের চেয়ে এক লক্ষ বেশি। এদিন ঘোষণা করা হল ২০২১ সালের ৪৫তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে ‘বাংলাদেশ’। সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকতে পারেন মেলায়। ২০২১ সাল হল মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বছরটি তাই মুজিববর্ষ হিসাবে পালিত হবে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জি, সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিনতা রায়চৌধুরি, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার প্রমুখ।

২০২০ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে আনন্দ, দে’জ, আজকাল, মিত্র অ্যান্ড ঘোষ, দেব সাহিত্য কুটির, লালমাটি, ধানসিড়ি, গুরুচণ্ডা৯, সপ্তর্ষি, প্রতিভাস ও সৃষ্টিসুখের। রেকর্ড সংখ্যক বিক্রি হয়েছে লিটল ম্যাগাজিনগুলোরও।

ছবি- নিজস্ব। 

Developed by DXDasia