অত্যাধুনিক জলযানে চড়ে দেখা যাবে দুই বাংলার বিসর্জন
রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গায় দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে প্রতিবছর ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। এই বছর প্রথমবার ইছামতী নদীতে দুই বাংলার বিসর্জন দেখানোর প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করছে পরিবহন দপ্তর।
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এই প্যাকেজের দাম হতে পারে মাথাপিছু ২ হাজার টাকার কাছাকাছি। দশমীর দিন ধর্মতলা থেকে সকাল ১১টা নাগাদ ভলভো বাস ছাড়বে হাসনাবাদের উদ্দেশে। দুপুরে হাসনাবাদে জলযোগ করে ইছামতীর জলযানে উঠতে হবে। জলপথে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে টাকি। জলযানেই মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে। বিকেল ৩টে নাগাদ টাকি পৌঁছবেন দর্শনার্থীরা। ওখানে তাঁরা সন্ধে সাড়ে ৫টা পর্যন্ত বিসর্জন দেখতে পারবেন। তারপর জলপথেই আবার দর্শনার্থীদের ফিরিয়ে আনা হবে হাসনাবাদ। সেখান বাসে করে ফের কলকাতা।
এখন প্যাকেজের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখছে পরিবহন দপ্তর। সমস্ত আয়োজন ঠিকঠাক হলে প্যাকেজটি ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।