‘পরমা : আ জার্নি উইথ অপর্ণা সেন’
যাঁর বাবা প্রখ্যাত চলচ্চিত্রবেত্তা চিদানন্দ দাশগুপ্ত, শিক্ষা-সংস্কৃতি-সিনেমা তিনি রক্তে ধারণ করবেন তাতে আশচর্যের কিছু নেই। সত্যজিৎ রায় পরিচালিত ‘তিন কন্যা’ ছবির মাধ্যমে যাঁর অভিনয় জীবনের সূচনা, তিনি চাইলেই সারাজীবন সুচিত্রা সেন-এর মতো একজন ডাকসাইটে অভিনেত্রী হয়েই থেকে যেতে পারতেন কিন্তু তাঁর রক্তে জীবনানন্দের কবিতাও তো আছে। সেকারণেই তাঁর সংজ্ঞা শুধুমাত্র সুন্দরী বুদ্ধিদীপ্ত অভিনেত্রী-তে সীমিত থাকেনি। অভিনয় ছাড়াও পরিচালনার কাজে দক্ষতা দেখালেন অপর্ণা সেন (Aparna Sen)। তিনি যখন পরিচালনায় আসেন, ভারতবর্ষে তখন মহিলা পরিচালকের সংখ্যা ছিল নেহাৎ কম। নিজের পরিচালনাতে বারবার তুলে ধরেছেন যুদ্ধ -দাঙ্গা বিধ্বস্ত মানুষের গল্প, নারীবাদের আসল মনস্তত্ত্ব। দেশের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি নিয়ে বরাবর সোচ্চার অপর্ণা সেন। নিজস্ব ‘ভয়েস’ তৈরি করতে সক্ষম হয়েছেন। এমন এক বিদূষীর জীবনে কে না চাইবে আলো ফেলতে?

সেই কাজটিই সুদক্ষ হাতে করে ফেলেছেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। জনপ্রিয় এই অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালকের উপর তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক সুমন ঘোষ, নাম ‘পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন’ (Parama A Journey with Aparna Sen)। পরিচালক সুমন ঘোষ তৈরি করেছেন তাঁর দুই মেয়ের নামে নিজস্ব প্রযোজনা সংস্থা ‘মায়া লীলা ফিল্মস্’। ‘মায়া লীলা ফিল্মস্-এর প্রথম ছবি ছিল ‘সার্চিং অফ হ্যাপিনেস’, দ্বিতীয় ছবি অপর্ণা সেনকে নিয়ে তথ্যচিত্র–‘পরমা : আ জার্নি উইথ অপর্ণা সেন’। সুমন এর আগে তথ্যচিত্র তৈরি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়েও।

কঙ্কনা সেনশর্মা, কল্যান রায়, গৌতম ঘোষ, রাহুল বোস, শাবানা আজমি’র মতো বিশিষ্ট ব্যক্তিরা যেমন অপর্ণাকে তাঁদের মতো করে চিনিয়েছেন এই তথ্যচিত্রে, তেমনই বড়ো চমক হলো—অপর্ণা ফিরে গিয়েছেন তাঁর শুটিং করার বাড়িগুলিতে। যেমন ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবিটির শুটিং যে বাড়িতে অপর্ণা করেছিলেন, সেই বাড়িটি বয়সের ভারে আরও ন্যুব্জ হয়েছে। কিন্তু সে বাড়িতে এত বছর পর শুটিং করতে গিয়ে অপর্ণা ফিরে গিয়েছিলেন হারানো দিনের উদ্দীপনায়। লিফট না থাকা সত্ত্বেও চারতলায় উঠেছেন নেমেছেন নির্দ্বিধায়। এ ছবিতে তিনি অনেকটাই ‘রীনা’, অল্প অল্প ‘অপর্ণা’। ট্রেলারে অপর্ণা নিজেই বলেছেন সে কথা।
কঙ্কনা সেনশর্মা, গৌতম ঘোষ, রাহুল বোস, শাবানা আজমি’র মতো বিশিষ্ট ব্যক্তিরা যেমন অপর্ণাকে তাঁদের মতো করে চিনিয়েছেন এই তথ্যচিত্রে, তেমনই বড়ো চমক হলো—অপর্ণা ফিরে গিয়েছেন তাঁর শুটিং করার বাড়িগুলিতে।
সুমনের এই তথ্যচিত্রের জন্য অপর্ণা নিজেকে এবং এই শহরকে আর একবার আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন। যে কারণে তথ্যচিত্রটির সঙ্গে একাত্ম হতে পেরেছেন ‘মিস ক্যালকাটা’। কতটা, সেটা ছবি রিলিজের পরই বোঝা যাবে। এ ছবির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৌমিক হালদার। অপর্ণার ‘গয়নার বাক্স’-র চিত্রগ্রহণ তাঁরই।

‘পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন’-তে সংগীত পরিচালনার কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র। সম্প্রতি তথ্যচিত্রটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival Rotterdam) ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই জানিয়েছেন তথ্যচিত্রের পরিচালক। প্রসঙ্গত, আর আগে ২০২০-তে সুমন ঘোষের ‘ঘরে বাইরে আজ’ ছবিটিও রটারডামে দেখানো হয়েছিল।

সুমন ঘোষ, সৌমিক হালদার ও অপর্ণা সেন
সময় চলে যায়। থেকে যায় কিছু স্মৃতি। একসময় সেটাও হয়ে যায় ধূসর থেকে ধূসরতর। তাই সংরক্ষণের প্রয়োজন অসীম। সুমন ঘোষ সেই গুরুত্বপূর্ণ কাজটিই করলেন। বাদবাকি বোঝা যাবে এ দেশের প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই।
_________________
(দেখে নিন ট্রেলার)