রোজের চেনা ডিম নতুন স্বাদের বাহারে

ডিম না ভেঙে, না ফেটিয়েও বানিয়ে ফেলা যায় এমন লোভনীয় পদ…

ডিমের নাম শুনলেই জিভ দিয়ে জল গড়াতে আরম্ভ করে প্রায় সকলেরই। সস্তায় পুষ্টিকর বলে শুধু না, জবাকুসুম ডিম খেয়ে তৃপ্তির ঢেঁকুর উঠবেই। কেউ কেউ ডিম বলতে এতই  অজ্ঞান যে ‘তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম’ শুনলেও তাদের খাই-খাই বাই শুরু হয়। কিছু না হোক, গরম গরম ফেনা ভাতে একটু নুন-কাঁচা লঙ্কা আর ডিমসেদ্ধ হলেই হল। ডিমের মাহাত্ম্য এমনই।

তবে, এতই সহজে ভালো লেগে যায় বলেই বোধহয় নিখাদ ডিমের নানা রেসিপি খানিক হলেও কম আলোচিত।  এমনিতে হাজারো পদেই ডিমের ব্যবহার বাঁধা। ডিমের কুসুম ফেটিয়ে ব্যবহার করা হয় বিভিন্ন পদে। পুর দেওয়া হয় কখনও। কিন্তু, ডিমকে সনাতনী পদ্ধতিতে সেদ্ধ করে তরকারি বানানোর সময় কষা বাদে অন্যভাবে রাঁধার কথা আমাদের খুব মাথায় আসে কি? তেমনই এক রেসিপির হদিশ দেব আজ।  

ডিমের কোরমা। মাংসের কোরমা নিশ্চয়ই খেয়েছেন অনেকে। এবার ডিমের কোরমাও বানিয়ে ফেলুন। খেতে লোভনীয় হবে বলাই বাহুল্য। ডিম প্রায় হরেদরে সব বাড়িতেই নিত্য রান্না হয়। বাড়িতে হঠাৎ অতিথি এলে  বা রোজকার রান্নার বাইরে একটু ভিন্ন স্বাদে সহজলভ্য সহজপাচ্য ও সকলের প্রিয় এই ডিমকে একটু চমৎকার স্বাদে চেখে নিতেই বানিয়ে ফেলুন এই পদ।

উপকরণ :
ডিম- ৪টে সিদ্ধ 
ঘি- এক কাপের ১/৪  ভাগ
তেজপাতা- ২টি
এলাচ- ৪ টি 
দারুচিনি- এক টুকরো
গোটা গোলমরিচ- ৫-৬টা
পেঁয়াজ বাটা- ৩ চামচ 
আদা ও রসুন বাটা- হাফ চামচ করে 
টক দই- হাফ কাপ (জল ঝরিয়ে ফেটানো)  
জিরে গুঁড়ো- হাফ চা-চামচ 
ধনে গুঁড়ো- হাফ চা-চামচ
গরম মশলা গুঁড়ো- হাফ চা-চামচ 
শুকনো লঙ্কা গুঁড়ো- হাফ চা-চামচ (ঝালটা পরিমাণ মতো যার যেমন পছন্দ )
কাঁচা লঙ্কা বাটা- ১ চা-চামচ 
গোটা কাঁচা লঙ্কা- ৫-৬টা 
চিনি- ১ চামচ 
নুন- ১ চামচ, আর সামান্য লাগবে ডিম ভাজার সময়ে
কাজু, কাঠবাদাম, পেস্তা- ১ চা-চামচ (তিন রকমের বাদামের পরিবর্তে চাইলে একরকমের বাদাম ৩ চামচ নিয়ে নিতে পারেন)
কিসমিস- ৬টা 
দুধ (ফুল ফ্যাট )- ১ কাপ (বাদাম পেস্ট-এর জন্য কোয়ার্টার কাপ লাগবে) 

 

প্রণালী :

প্রথমে বাদাম ও কিসমিসগুলো বাটনায় বা মিক্সিতে বেটে নিন একচামচ দুধ সহযোগে। 

এবার, সেদ্ধ করা ডিমের গায়ের চারপাশ হালকা করে চিড়ে নিতে হবে ছুরি দিয়ে। তারপর, অল্প নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট পনেরো রেখে কড়াইতে ঘি দিয়ে হালকা করে সাঁতলে তুলে রাখুন একটি পাত্রে। মনে রাখবেন ডিম বেশি ভাজা যাবে না কোনোভাবেই এই  রান্নায়।<

কড়াইতে ওই ঘি-এর সঙ্গে বাকি ঘি দিয়ে তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে অল্প আঁচে ৩-৪ সেকেন্ড নেড়ে নিতে হবে। তারপর, তাতে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে, হালকা ভাজা হয়ে এলেই আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন ও বাকি সব মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে অল্প আঁচেই মশলাগুলো কষাতে হবে তেল না ছাড়া অবধি।

তেল ছাড়ার পর টক দই, বাদামবাটা দিয়ে অল্প সময় নেড়ে  চিনি ও বাকি দুধ যোগ করতে হবে। 

এবার, মিনিট ৫-৭ ভালো করে নেড়ে ডিমগুলো দিয়ে দিন। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিন। ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ রেখে অল্প একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিন। গোটা রান্নাতেই ঘি ব্যবহার হয়েছে বলে একটা দারুণ সুবাস এমনিই পাওয়া যাবে। এরপর, একটি পাত্রে বাদাম কিসমিস অথবা বেরেস্তা দিয়ে পোলাও/ভাত/ রুটির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ডিমের কোরমা।

Developed by DXDasia