মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর
বসন্তের বৃষ্টিস্নাত রাতেই শূন্যে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। বসন্তের এই সকাল অনেককে বিলাপের সুরেই ঘুম ভাঙিয়েছে। ‘চারমূর্তি’ বা ‘ধন্যিমেয়ে’, পরিচালকরা চিন্ময় রায়ের কথা ছাড়া কিছু ভাবতেই পারেননি। চারমূর্তি ছবির সেই দৃশ্য, যেখানে প্রকাণ্ড হাঁ মুখ করে মাছের মাথা কামড়ানোর চেষ্টা; কিংবা ধন্যিমেয়ে ছবিতে নিজে আইনজীবী হয়েও উত্তম কুমার তাঁকে ‘বেআইনি’ বলে সম্বোধন করলে অসামান্য অভিব্যক্তিতে সাড়া দেওয়া। চিন্ময় রায় ছাড়া আর কজনই বা পারতেন!
তাঁর আত্মজীবনীর নাম ‘যে জীবন ফড়িংয়ের’। এই বইয়ে লিখেছেন, ম্যাট্রিকুলেশনে থার্ড ডিভিশনে পাশ করা এক ছেলেকে এভাবে বাঙালি দর্শক যে আপন করে নেবে, জনপ্রিয়তায় ভাসিয়ে দেবে, তা কখনওই ভাবতে পারেননি তিনি। প্রথম ছবি ‘গল্প হলেও সত্যি’। কিন্তু শুরুটা হয়েছিল গ্রুপ থিয়েটার থেকে। নান্দীকারের প্রথম ভাঙন দেখেছিলেন স্বচক্ষে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকার জন্য আফসোস করে গেছেন সারা জীবন। পরবর্তীকালে নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট টেনিদার চরিত্রে অসামান্য অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে। কাজ করেছেন সত্যজিৎ রায়, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মতো শিল্পীদের সঙ্গে। ‘ননীগোপালের বিয়ে’ ছবিতে চিন্ময়ের অভিনয় আজও বাঙালি মনে রেখেছে।

রোববার রাত দশটা নাগাদ প্রয়াত হলেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। জীবনের শেষ কয়েকটা বছর একাকিত্ব তাঁকে গ্রাস করেছিল। একথা নিজেও বলেছেন বারবার। চিন্ময় রায়ের স্ত্রী গত হয়েছেন অনেক বছর আগেই। পরিবার বলতে রয়েছেন তাঁর এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে থাকেন চেন্নাইতে। তিনি কলকাতায় আসার পরেই চিন্ময়বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
অভিনেতা চিন্ময় রায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলি পাড়া। একজন অভিনেতা হিসাবে কতটা সুযোগ তিনি পেলেন, সে বিষয়ে সংশয় জাগতে পারে। বিংশ শতকের সাতের দশকে পা রেখেছিলেন এই টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথম কয়েকটা বছর ছাড়া তাঁকে তেমন কোনো উল্লেখযোগ্য ছবিতে দেখা যায়নি। এই আক্ষেপ থেকে গেছে সারাজীবন। প্রিয় অভিনেতার মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ইন্ডাস্ট্রির কলাকুশলী থেকে টেকনিশিয়ান্সরা। শরীরে বাসা বেঁধেছিল একাধিক রোগ। সেই অবস্থাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা।