বাংলার একমাত্র সংগীত ঘরানাকে ঘিরে শুরু হচ্ছে উৎসব

থাকছে যন্ত্র ও কণ্ঠ সংগীতের ধ্রুপদী সমারোহ

লালমাটির শহর বিষ্ণুপুর তার মল্ল রাজাদের ইতিহাস, টেরাকোটার মন্দির স্থাপত্য, দশাবতার তাস, হিঙ্গুল পুতুলের জন্যই কেবল বিখ্যাত নয়। এখানে বিকশিত হয়েছে বাংলার একমাত্র মার্গ সংগীতের ধারা। বাঁকুড়ার এই প্রাচীন জনপদ এবার সংগীতের বর্ণাঢ্য উদযাপনে মেতে উঠছে।

বিষ্ণুপুর সংগীত উৎসব ২০২০-র প্রস্তুতি | সৌজন্যে – Get Bengal 

‘বিষ্ণুপুর সংগীত উৎসব ২০২০’ শুরু হবে আগামীকাল, ১০ জানুয়ারি, শুক্রবার। ১২ জানুয়ারি, রবিবার পর্যন্ত চলবে উৎসব। তিনদিনের অনুষ্ঠানে হাজির থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতসেরা শিল্পীরা। সুজিত গঙ্গোপাধ্যায়, অনির্বাণ দাস, পণ্ডিত জগন্নাথ দাশগুপ্ত, দীপ্তম সিনহা বিশ্বাস, অসিত রায়, প্রভা আত্রে, সুভাষ কর্মকার, বামাপদ চক্রবর্তী, আবদুল আজিজ খানের মতো বিশিষ্ট কণ্ঠশিল্পীরা ধ্রুপদী সংগীত পরিবেশন করবেন। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ, রূপক মুখোপাধ্যায়ের বাঁশি, সোমনাথ রায়ের ঘটম – সব নিয়ে জমজমাট এবারের উৎসব।

বিষ্ণুপুর সংগীত উৎসব ২০১৯ | সৌজন্যে – Get Bengal

এই ধ্রুপদী সমারোহের আয়োজন করেছে রাজ্য পর্যটন বিভাগ। সহায়তায় তথ্য ও সংস্কৃতি বিভাগ। এবারের বিষ্ণুপুর সংগীত উৎসব ভারতের সেরা দর্শনীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছে। 

Developed by DXDasia