
মুক্তমঞ্চে নতুন পরিসরের থিয়েটার
সময়টা উনিশ শতকের তিনের দশক। বাঙালির নাট্যপ্রয়াসের সেই আদ্যিকালের দিনগুলিতে, শ্যামবাজারে তৈরি হয়েছিল নবীন বসুর থিয়েটার। বাঙালির উদ্যোগে সেখানে প্রথম বাংলা নাটক অভিনীত হয়। সে এক এলাহি কাণ্ড! নবীনবাবুর প্রাসাদপ্রতিম বাড়ির প্রায় সবটা জুড়ে অভিনীত হ’ত ‘বিদ্যাসুন্দর পালা’। অস্থায়ী মঞ্চ বেঁধে নয়, শুরুর সেইসব দিনে অভিনয় ছড়িয়ে থাকত প্রাসাদবাড়ির আনাচে কানাচে। কখনো উদ্যানে রচিত হ’ত সে প্রেমগাথা। কখনো লাগোয়া পুকুরঘাটে সুন্দর ব’সে থাকতেন অভিসারিকার অপেক্ষায়; কখনো বা সুড়ঙ্গ পেরিয়ে সুন্দর প্রবেশ করতেন বিদ্যার শয়নকক্ষে। নবীন বসুর বৈঠকখানা হয়ে উঠত রাজা বীরসিংহের সভা। দর্শক এখানে ওখানে ঘুরে ঘুরে দেখতেন সেই নাটক। গত ১৫ জুন পানিহাটির পাইন ঠাকুরবাড়ির রাসমঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ দেখতে গিয়ে মনে পড়ছিল বইয়ে পড়া নবীন বসুর থিয়েটারের কথা।

একদম গঙ্গার ধারে পুরোনো বনেদী বাড়ির উঠোন, বটগাছ আর মন্দির জুড়ে পরিকল্পিত এই নাট্যপ্রয়াস। আয়োজক ‘বেলঘড়িয়া হাতেখড়ি’। দেবাশিষ ঘোষ দস্তিদারের পরিচালনায় দলটি ইতোপূর্বে আস্ত দু’টি থিয়েটার ফেস্টিভাল ক’রে ফেলেছেন এই চত্বরে। এবার বাংলা সাহিত্যের এই ক্লাসিকের অ্যাডপ্টেশন। হিমাদ্রীশেখর দে বড়ো যত্নে, বড়ো অস্বস্তিতে একটা সমসাময়িকতার ছোঁয়া রেখেছেন নাট্যরূপে। নাটকটি অপরিচিত নয়, স্বভাবতই সংলাপও মুখস্থ থাকতে পারে দর্শকের, কিন্তু মনোযোগ কাড়ে এর অভিনয় আঙ্গিকের অভিনবত্ব।

গোটা অভিনয় স্থলটিকে যদি একটা চারকোণা চত্বর ধরে নিই, তবে এর মূল পরিসরটি রাসমঞ্চকে কেন্দ্র ক’রে তৈরি। দর্শক সেদিকে মুখ ক’রেই বসেন। এই মঞ্চ আসলে একটি পুরনো বৈষ্ণব মন্দির, ক্রমঘনায়মান সন্ধের আকাশের স্যিলুয়েটে যা রহস্যময় দাঁড়িয়ে থাকে। নাটকে এটিই দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। এর উল্টোদিকেই গঙ্গা। আর দুয়ের মাঝখানে নুয়ে পড়া অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে এক সুপ্রাচীন বটগাছ। সেই গাছের গায়ে বাঁধা মানতের সুতো। দেব আনুগত্যের বোধ মন্দির ছাপিয়ে এভাবেই অধিকার করে রাজ্যবাসীর মন। মন্দিরের ডানদিকের বারান্দা হয়ে ওঠে রাজা গোবিন্দমাণিক্যর রাজসভা, আর বাঁদিকের খন্ডহর থেকে মাঝে মাঝে এক অচেনা মুখ আলো আঁধারিতে গা ছমছমে ধারাবিবরণী দেয়। যে বিবরণ মূল নাটকে নেই। সেই ভাষ্যে এই সময়ের নানাবিধ ধ্যাষ্টামোকে তীব্র ভর্ৎসনা করা হয়, এর বয়ান প্রত্যক্ষত রাজনৈতিক।
হাত দশেকের দূরত্বে মুখোমুখি রাজসভা আর ভাঙা বাড়ির স্ববিরোধ!! এই পরিসরে নাটক দেখতে ব’সে প্রথমেই আপনি যা অনুভব করবেন, তা কার্যত এক উল্টো চিন্তাসূত্রের প্রতি টান। প্রসেনিয়ামের সীমায়িত চত্বরেও পরিচালক প্রয়োজনমতো অন্তত প্রপস্ স্থাপন করার স্বাধীনতাটুকু নেন। মঞ্চে কোথায় কী রাখবেন, কীভাবে সেসব সরিয়ে নড়িয়ে বদলে দেবেন দৃশ্যপট, তার নিরিখে তিনি করেন দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাবার পরিকল্পনা। এই প্রযোজনার বৈশিষ্ট্যই হ’ল, এখানে দৃশ্যপট বদলানোর কোনো উপায় নেই। মন্দির কোথাও সরবে না, বটগাছ উপড়ে অন্যত্র বসানো যাবে না। পুরো নাট্য কম্পোজ করতে হবে এই অনড় প্রেক্ষাপট মাথায় রেখে। অর্থাৎ, পুরো বিষয়টাই উল্টো।

মুখ্যত রাসমঞ্চের সিঁড়ি হয়ে ওঠে রঙ্গভূমি। সেই সোপানসারিতে বিধৃত ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র, আর তার উপর অভিনীত হয়ে চলে রক্ততৃষাতুর ধর্মব্যবসায়ের বিরোধী এক ভাষ্য। নাটকটি দেখতে দেখতে একটি মজার ব্যাপার লক্ষ্য করলাম। দেবী ত্রিপুরেশ্বরীর মূর্তি বলতে একটি লাল পর্দার উপর গোলাকার আলোয় প্রতিফলিত উদ্ধত খড়্গ। শাক্ত আচারে পশুবলি কাঙ্ক্ষিত ও স্বাভাবিক, সেই রক্তলোলুপতার বিরুদ্ধেই গোটা নাটক। এই পিপাসা শুধু তো অবোলা জীবহত্যা বিষয়ে নয়, জগৎজোড়া হিংসের দ্যোতনা রয়ে যায় এতে। ‘এত রক্ত কেন’ এক সরল নিষ্পাপ প্রশ্ন, যাতে ধরা থাকে অকৃত্রিম ব্যথা, পৃথিবীর ‘রণরক্ত সফলতা’ সত্য হয়েও শেষ সত্য হ’তে পারে না যে জিজ্ঞাসার অস্তিত্ব আছে ব’লেই। শাক্ত আচারের সেই বীভৎসতা যেন বা দখল ক’রে নিতে চায় সর্বস্ব, দেবীর কাছাকাছি পৌঁছতে পায়ে দলে যেতে হয় সোপানশ্রেণীর জীবহত্যাবিরোধী বৈষ্ণবমতের মন্ত্র। নাকি সেই মন্ত্রও আদতে রেজিমেন্টেড ধর্মেরই প্রকাশ? শাক্ত-বৈষ্ণব কিছু নয়, পরিচালক অজান্তেই বেছে নেন এমন এক পরিসর, আপাত বিসদৃশ হয়েও যেখানে কৃষ্ণনাম লেখা সিঁড়িই হয়ে ওঠে মহাহত্যাশালা রচনার উপযুক্ত প্রেক্ষাপট।

আবার সেই মন্ত্রপূত সিঁড়ি দিয়েই গড়িয়ে পড়ে শেষ রক্তধারা। জয়সিংহ যখন নিজের বুকে বসিয়ে দেন তীক্ষ্ন ছুরিকা, একটা লাল কাপড় অভিনেতার শরীর জড়িয়ে তীব্র গতিতে সিঁড়ি বেয়ে নেমে আসে দর্শকের সামনে অবধি। রক্তস্নাত মন্দির চত্বর, যে রাসমঞ্চের সামনে দু’দিক থেকে লাল কাপড় ঝোলানো থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত, যার আকার স্পষ্টতই লোলজিহ্বাসদৃশ। জয়সিংহের চরিত্রে প্রীতম, রঘুপতির চরিত্রে বিশ্বজিৎ যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেন। বহুশ্রুত আইকনিক সংলাপ দর্শকমনে নতুনতর অভিঘাতে হাজির করতে তাঁরা অনেকটা সফল। রঘুপতি, গুণবতী ও অপর্ণার মনোলগ এই নাটকে জরুরি সংযোজন। এই তিনটি চরিত্রের মধ্যে একমাত্র রঘুপতিই রবীন্দ্র নাটকে প্রমিনেন্ট। অপর্ণা আর রাজমহিষী গুণবতী প্রয়োজনীয় হ’লেও তাঁদের স্তিমিত উপস্থিতির ইমপ্যাক্ট বুঝতে পারেন মনোযোগী পাঠক ও দর্শক।
‘বেলঘড়িয়া হাতেখড়ি’র এই প্রযোজনায় কিন্তু গুণবতী মাতৃত্বের অধিকার পেতে অপরের কোল শূন্য করতে স্পষ্টতই দ্বিধা করেন না। আর নিজ যোনির অভেদ্য অন্ধকারে শুনতে চাওয়া নতুন প্রাণের সঞ্চারধ্বনি যে নির্মমতায় তিনি উদযাপন করেন, দর্শকমনকে তা রীতিমতো শঙ্কিত করতে পারে। রঘুপতির ‘কে বলে হত্যাকাণ্ড পাপ’-এর অনবদ্য যুক্তিক্রমেরই এক সম্প্রসারণ এই স্বগতোক্তি, মাতৃহৃদয়ের স্বার্থপর খলতায় যা ঘৃণ্য, অথচ অকাট্য। গুণবতী হিসেবে তৃণা আর অপর্ণার ভূমিকায় রাজেশ্বরী অত্যন্ত সম্ভাবনাময়।

পরাজিত, বিধ্বস্ত, নিজের হিংসাচক্রের ঘূর্ণাবর্তে আটকে রঘুপতি যখন অনুভব করেন দেবীর অসাড়তা, দেবীমূর্তি বিসর্জিত হয় গঙ্গার প্রবাহে, সমস্ত অভিনেতা জ্বলন্ত মশাল নিবিয়ে ফেলেন দর্শকাসনের মুখোমুখি রাখা একটি কুণ্ডে। সব উত্তাপ বিসর্জিত হয়, প্রলয় হয় শান্ত। থাকে না কোনো রক্ততৃষ্ণা, প্রতিহিংসা, স্পর্ধা। গঙ্গার ঝিরিঝিরি বাতাসে একঝাঁক প্রত্যয়ী মুখের সামনে আপনি ফের বিশ্বাস রাখবেন মানবধর্মে, চিরন্তন আবেদনে আপনাকে আবিষ্ট করবে এই প্রযোজনা। সমসাময়িকতাকে মোটা দাগে দেগে দেবার প্রবণতা দিয়ে নয়, ‘বিসর্জন’-এর মূল কাঠামোটির মধ্যেই যে বার্তা আছে, তারই শৈল্পিক পুনরুচ্চারণে। 
এই নাটক দেখতে দর্শককে ঘাড় ঘোরাতে হবে এদিক ওদিক। সজাগ থাকতে হবে কখন হয়তো তাঁরই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ধর্মব্যবসা, মৌলবাদ। তাঁর শিরায় শিরায় চারিয়ে যেতে চাইবে, ‘কে বলে হত্যাকাণ্ড পাপ?’ আর হঠাৎই অপর পাশ থেকে ভেসে আসা গানের সুর আনমনা ক’রে মনে করিয়ে দেবে, যে পবিত্র মন্ত্র লেখা সিঁড়ি পৌঁছে দিয়েছিল দেবীর রক্তপিয়াসী মূর্তির কাছে, সেই সিঁড়িই ফের আপনাকে নামিয়ে আনবে হিংসার মৌতাত থেকে। পৈশাচিক নেশাগ্রস্ত উল্লাস নয়, সমবেত অঙ্গীকারে শেষ হয় এই নাটক— যে অঙ্গীকার মুখ ফেরাতে চায় পণ্যবাদী চেতনার আগ্রাসন থেকে।
‘বেলঘড়িয়া হাতেখড়ি’কে অভিনন্দন, প্রসেনিয়ামের ডেট পাওয়া না পাওয়ার তোয়াক্কা না রেখে তাঁরা পাইন ঠাকুরবাড়িকেই তাঁদের বক্তব্য পৌঁছে দেবার বিকল্প স্পেস হিসেবে সাজিয়ে তুললেন।
