একটি বাইকে বাইশ জন, দেশের পতাকা হাতে প্রত্যেকের স্লোগান ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’!

নজিরবিহীন উদ্যোগ শিলিগুড়ির ‘টিম ইন্ডিয়া’র

বাইকে চেপে দেশপ্রেম! খবরটা একটু অবাক করলেও সত্যি। প্রথমে এক বাইকে নয় জন, তারপর বছর বছর সেই নয়ের সংখ্যাটা ক্রমশ বাড়তে থেকেছে। এখন তাঁরা বাইশ জন। ১৫ অগাস্ট বা ২৬ জানুয়ারির দিন স্রেফ দেশপ্রেমের হাওয়া ছড়াতে ২০০৯ সালে প্রথম শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় এই কর্মসূচি শুরু করেছিল ‘টিম ইন্ডিয়া’। আর সেই কর্মসূচি অনবরত চলতে থাকায় ২০১৬ সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি চলে আসে টিম ইন্ডিয়ার কাছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরেই ২০০৯ সাল থেকে ওই বিশেষ মোটর বাইক অভিযান শুরু করে টিম ইন্ডিয়া।

২০০৯ সালে নয় জনকে এক বাইকে চাপিয়ে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’ বলে তাদের বাইক পরিক্রমা শুরু হয় ১৫ অগাস্টের দিন

টিমের প্রধান চালিকাশক্তি বা কর্ণধার হলেন চম্পাসারি সমরনগরের যুবক কানাই মহন্ত। ২০০৯ সালে নয় জনকে এক বাইকে চাপিয়ে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’ বলে তাদের বাইক পরিক্রমা শুরু হয় ১৫ অগাস্টের দিন। তারপর ২০১০ সালে এক বাইকে দশ জন, ২০১১ সালে এক বাইকে ১৩ জন চাপিয়ে, ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারির দিন চলে তাঁদের দেশ প্রেমের বাইক যাত্রা। ২০১২ সালে এক বাইকে ১৭ জনকে চাপিয়ে জাতীয় পতাকা হাতে দেশ প্রেমের গানকে সঙ্গী করে তাঁদের অভিযান হয় শিলিগুড়ি থেকে নাগরাকাটা পর্যন্ত, ৮৫ কিলোমিটার। এরপর ২০১৬ সালে এক বাইকে ১৮ জন, শিলিগুড়ি থেকে ভুটানের সামসি সীমান্ত। মোট ১২৪ কিলোমিটার সেই অভিযান চলে সকাল থেকে সন্ধে পর্যন্ত। অভিযানের পর সেবারই ইন্ডিয়া ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি আসে কানাই মহন্তের কাছে।

২৬ জানুয়ারি তাঁরা রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের চুল-দাড়ি কেটে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করেন

এই স্বীকৃতির পরও থেমে থাকেননি কানাইরা। ২০১৭ সালে এক বাইকে ২২ জনকে চাপিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ২৬ জানুয়ারির অনুষ্ঠানে যোগ দেন প্রত্যেকে। তার ফলে পুলিশ কমিশনারেটের অফিস থেকে আসে শংসাপত্র। ২০১৮ সালেও ২৬ জানুয়ারির দিন পুলিশ কমিশনারেটের মাল্লাগুড়ি কার্যালয়ের সামনে এক বাইকে ২২ জনকে চাপিয়ে এলাকা পরিক্রমার নজির রয়েছে তাঁদের। যদিও গত বছর আর বাইক নিয়ে টিম ইন্ডিয়ার সেই অভিযান হয়নি। তার পরিবর্তে ২৬ জানুয়ারির দিন কানাইরা দেশ প্রেমের নমুনা হিসাবে রাস্তার ধারে পড়ে থাকা অসুস্থ মানসিক ভারসাম্যহীনদের চুল দাড়ি কেটে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করেন। এবছরও ২৬ জানুয়ারিতে সেই কর্মসূচি পালনের প্রস্তুতি তাঁরা নিয়েছেন বলে কানাই জানান। এই কর্মসূচিতে সহায়তার হাত বাড়িয়ে যুক্ত হন মনোজ নন্দী, সম্রাট সাহা, গণেশ মণ্ডল, প্রিয়াঙ্কু ঘোষ প্রমুখ। কানাই মহন্ত বলেন, দুই বছর ধরে বাইক অভিযান স্থগিত রয়েছে। আসলে এরপর তাঁরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস করার কর্মসূচি নিতে চলেছেন। তার জন্য প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে।

টিম ইন্ডিয়া 

Developed by DXDasia