বড়ির গায়ে বিভিন্ন ধরনের নকশা ও আলপনা হলো এই বড়ির বৈশিষ্ট্য
গয়না বড়ি (Goyna Bori) বা গহনা বড়ি (Gohona Bori)। বাংলার একান্ত নিজস্ব খাবার। এর নামের মধ্যেই আছে অভিনবত্ব। তবে শুধু নামেই নয়, গঠনশৈলী আর স্বাদেও অসামান্য বাংলার ঐতিহ্যবাহী গয়না বড়ি। গঠন প্রক্রিয়া, পদটির উপর রন্ধনশিল্পীদের ফুটিয়ে তোলা বিভিন্ন নকশায় গয়না বড়িতে ঘটেছে স্বাদ ও শিল্পের অনবদ্য মেলবন্ধন। বিভিন্ন ধাঁচের ও আকারের নিঁখুত নকশার কাজে বড়িগুলিকে দেখতে লাগে গয়নার মতো। এই গঠনরীতি বাংলার নিজস্ব ও অন্যতম প্রাচীন ঐতিহ্য, যা অন্য প্রদেশের কোনো খাবারে দেখা যায় না। এই গয়না বড়ি এখন ছড়িয়ে পড়ছে সারা বাংলা, ভারত তথা সারা পৃথিবী জুড়ে। খাদ্যরসিক মানুষের কাছে দিনদিন বাড়ছে এই গয়না বড়ির চাহিদা।

বঙ্গের বড়ি কাহিনিতে গয়না বড়ির মাহাত্ম্য অনেকদিনের। তমলুক মহকুমার গয়না বড়ি দেখে তার ছবি তুলে শান্তিনিকেতনের কলাভবনে সাজিয়ে রাখতে চেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন- “ইহার শিল্পনৈপুণ্য বিস্ময়জনক।” গয়না বড়ির রূপে ও স্বাদে মুগ্ধ হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিয়েছিলেন ‘নকশি বড়ি’। গয়না বড়ির উল্লেখ পাওয়া যায় সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ সিনেমাটিতেও। পূর্ব মেদিনীপুরের শিল্প গয়না বড়ির ঐতিহ্যকে আজও পরম যত্নে বাঁচিয়ে রেখেছেন এই সেখানকার রন্ধনশিল্পীরা। তাঁদের হাত ধরেই বাংলা তথা ভারত ও সারা বিশ্বে নতুন করে ছড়িয়ে পড়ছে গয়না বড়ির সুখ্যাতি। দ্য বেঙ্গল স্টোরের (The Bengal Store) এক কর্মীর কথায়- “এই বড়িগুলি রূপে এবং স্বাদে অনন্য। শুধু তাই নয়, এই বড়িগুলিতে কোনো ধরনের ভেজাল ব্যবহার করা হয় না, তাই এগুলি স্বাস্থ্যগুণসম্পন্নও বটে। এইসব কারণেই গত কয়েক বছরে গয়না বড়ির চাহিদা বেড়েছে খাদ্যরসিক বাঙালির মধ্যে। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভিনরাজ্যে আর অন্যদেশেও। আর তাঁদের হাত ধরেই গয়না বড়ির পরিচয় পাচ্ছে বিশ্ববাসীও।”
গয়না বড়ির রেসিপিও একেবারে ঘরোয়া। সারারাত ধরে জলে ভেজানো বিউলির ডালকে শিলনোড়া দিয়ে পিষে সেগুলি দিয়ে নিঁখুত ও মনোরম নকশা ফুটিয়ে তোলেন বড়িশিল্পীরা। যেমন- ফুল, পাতা, প্রজাপতি, পেঁচা, ময়ূর, মাছ ইত্যাদি। তারপর একটা থালায় পোস্ত ছড়িয়ে, বড়িগুলোকে তার ওপর রেখে রোদে শুকানো হয়। এর ফলে নকশাগুলি বড়ির গায়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। বড়িগুলির আকার-আকৃতিও হয় অনেক ধরনের- গোলাকৃতি, চতুর্ভুজাকার, ষড়ভুজাকার ইত্যাদি।
গয়না বড়ি সাধারণত ভাত, ধোঁয়া ওঠা গরম ডাল আর একচামচ বিশুদ্ধ ঘিয়ের সঙ্গে পরিবেশন করা হয়। এটি জলখাবার হিসেবেও অতি উপাদেয়। তবে, যেখান থেকেই কিনুন, বিউলির ডাল দিয়ে বানানো কি না যাচাই করে তবেই কিনবেন। ভেজাল বড়ি কিনলে স্বাদে আপস করতে হবে।এভাবেই বিশ্বের ঘরে ঘরে আরও বেশি করে ছড়িয়ে পড়ুক বাংলার এই আপন ঐতিহ্যটি।
_______________
**‘দ্য বেঙ্গল স্টোর’ থেকে গয়না বড়ি সংগ্রহ করতে চাইলে এখানে ক্লিক করুন