৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ জার্মানি, উপস্থিত থাকছে না বাংলাদেশ

১৯৭৬ সালে কলকাতা বইমেলা অনুপ্রাণিত হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকেই

গামী ২৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই বইমেলায় ফোকাল থিম দেশ হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি। জানা গিয়েছে, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সাহিত্যের উত্তরাধিকার প্রদর্শন করবে জার্মানি। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা অনুপ্রাণিত হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকেই। বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন ফ্রাঙ্কফুর্ট বইমেলায় নান সময় নিয়মিত উপস্থিত থেকেছেন গিল্ডের প্রতিষ্ঠিত সদস্যরা। এমনকি ফ্রাঙ্কফুর্ট থেকেও বিভিন্ন সময় অতিথিরা এসেছেন কলকাতা বইমেলায়। এর ফলে দুই দেশের ও দুই ভাষার সাংস্কৃতিক বন্ধন তৈরি হয়েছে।

গিল্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতা বইমেলা দর্শনার্থীদের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম।

জার্মানির ওই বইমেলায় ১৯৮৪ ও ২০০৬ সালে থিম দেশ ছিল ভারত। গোয়েথে ইনস্টিটিউটের পরিচালক অ্যাস্ট্রিড ওয়েজ জার্মানিকে ফোকাল কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানানোয় সম্মান প্রকাশ করেছেন। অন্যদিকে কলকাতায় জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লেইনপাস বরাবর জোর দিয়েছেন যাতে এই মেলা উভয় দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানকে আরও জোরদার করে তুলতে পারে।

সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রতি বছরের মতো বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বাংলার গণ্যমান্য সাহিত্যিকরা। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে ইউকে, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন-সহ বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশ। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে অংশগ্রহণ করতে পারে দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র – উপস্থিত হবে তাদের উল্লেখযোগ্য প্রকাশনা নিয়ে। বিশেষভাবে উল্লেখ্য, ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দীর্ঘ ২৮ বছর পর অংশগ্রহণ করবে না বাংলাদেশ। দুই দেশের ভিসাজনিত সমস্যার কারণে আপাতত অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

গিল্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতা বইমেলা দর্শনার্থীদের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বইমেলায় প্রায় ২৭ লক্ষ বইয়ের সম্ভারে বিক্রির মোট পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি।

Post Tags
Developed by DXDasia