
দু’বছর আগে সূচনা হয় কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’র। উদ্দেশ্য, সাধারণ মহিলাদের প্রাথমিক আত্মরক্ষার পাঠ পড়ানো
দু’বছর আগে পথ চলা শুরু করে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ, ‘তেজস্বিনী’। ফলস্বরূপ ১৯ মে, ২০১৮ সালে ইডেন গার্ডেনস স্টেডিয়াম সংলগ্ন পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে সমবেত হন ১৫৬ জন নানা বয়সের নারী, শারীরিক ফিটনেস নির্বিশেষে, প্রাথমিক আত্মরক্ষা সংক্রান্ত একটি পাঁচ দিনের ওয়ার্কশপে বিনামূল্যে অংশগ্রহণ করতে। কিন্তু যাঁরা অংশগ্রহণ করতে পারেননি, তাঁদের তালিকা ছিল এতই দীর্ঘ যে পুলিশকর্তারা বুঝেছিলেন, এবার থেকে প্রতিবছরই আয়োজন করতে হবে এই প্রশিক্ষণ শিবিরের, সম্ভব হলে বছরে একাধিকবার।
‘তেজস্বিনী’ কেন? মূলত মহিলাদের আত্মরক্ষার কিছু প্রাথমিক পাঠ পড়াতে। যাতে তাঁরা পথেঘাটে, কর্মস্থলে, এমনকি নিজেদের বাড়িতেও, অবাঞ্ছিত শারীরিক স্পর্শ বা অশালীন উৎপাত এড়াতে পারেন শুধু নয়, ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রতিরোধক ব্যবস্থাও নিতে পারেন, কারোর সাহায্য ছাড়াই।
অভূতপূর্ব সাড়া পেয়েছে মহিলাদের জন্য কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ ‘তেজস্বিনী’
প্রথমবারের অভূতপূর্ব সাফল্যের পর আরও তিনবার অনুষ্ঠিত হয়েছে ‘তেজস্বিনী’ প্রশিক্ষণ শিবির। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হয় তৃতীয় দফার ‘তেজস্বিনী’, যেখানে সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সুজয় ঘোষ, এবং অভিনেতা-সাংসদ মিমি চক্রবর্তী তথা অভিনেতা অভিষেক বচ্চন। এবার চতুর্থ সংস্করণ, যা করোনা অতিমারীর কথা মাথায় রেখে আয়োজিত হচ্ছে অনলাইনে।
কর্মশালা চলবে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর, প্রতিবারের মতোই রোজ সকাল আটটা থেকে দশটা। বারো থেকে চল্লিশ বছরের মধ্যে যেসব মেয়ে বা মহিলার বয়স, তাঁদের অনলাইনে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ ট্রেনাররা, যাঁদের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইকিডো ব্ল্যাক বেল্ট অভিজিৎ মিত্র। এবং প্রতিবারের মতোই প্রশিক্ষণ মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। কর্মশালার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২ ডিসেম্বর, চলবে আজ, ৪ ডিসেম্বর, বিকেল পাঁচটা পর্যন্ত।
কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত নগরপাল (২) সুপ্রতিম সরকারের কথায়, “তেজস্বিনীর সবচেয়ে বড় সুবিধে হলো এই যে, এইসব আত্মরক্ষার টেকনিক শিখতে কোনোরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আক্ষরিক অর্থেই যে কেউ অংশগ্রহণ করতে পারেন।”
‘তেজস্বিনী’র উদ্দেশ্য সাধারণ মহিলাদের প্রাথমিক আত্মরক্ষার পাঠ পড়ানো
সত্যিই কি পাঁচদিনে কিছু শেখানো যায়? বিশেষ করে সাধারণ মহিলা বা মেয়েদের, যাঁদের না আছে শারীরিক ফিটনেস বলতে কিছু, না নিয়মিত ব্যায়ামের অভ্যাস? প্রথম তিন দফার ‘তেজস্বিনী’র অভাবনীয় সাফল্য বলে দিচ্ছে, হ্যাঁ যায়। তবে প্রশিক্ষকরা যেমন বলেন, এই পাঁচদিনে শেখা টেকনিক আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, নাকি দু’দিন পরেই ভুলে যাবেন, তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে।
এবারের কর্মশালার উপরি পাওনা, সাইবার ক্রাইম সংক্রান্ত বিশেষ সেশন, সৌজন্যে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। এই যুগের অসংখ্য মহিলা অনলাইনে যে প্রভুত যৌন হেনস্থার শিকার হন, তাঁদের কথা ভেবেই এই অতিরিক্ত উদ্যোগ।
আরও পড়ুন: দেশের প্রথম ‘টায়ার পার্ক’ কলকাতায়
পরিশেষে আরও একবার মনে করিয়ে দেওয়া: আজ, ৪ ডিসেম্বর, বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকছে ‘তেজস্বিনী’ কর্মশালার অনলাইন নথিভুক্তিকরণ প্রক্রিয়া। যাঁরা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা চলে যেতে পারেন www.kpsgtinst.org ওয়েবসাইটে, অথবা হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে নথিভুক্ত হওয়ার আবেদন করতে পারেন ৯৭৪৮৪ ৩৮১৬৫ (97484 38165) নম্বরে। প্রতিবারের মতোই কিন্তু পরিসর একটা পর্যায়ের পর সীমিত, সুতরাং নাম লেখাতে হলে এখনই সেরে নিন।
ভিডিও সৌজন্যে – গেট বেঙ্গল

