দেশের প্রথম ‘টায়ার পার্ক’ কলকাতায়

বর্জ্য পুনর্ব্যবহারের সফল দৃষ্টান্ত

ফেলে দেওয়া টায়ার দিয়ে সাজানো অভিনব এক বিনোদন উদ্যান। খোদ কলকাতার বুকে এমনই পার্ক গড়ে তুলেছে রাজ্য পরিবহন দপ্তর। সারা দেশের মধ্যে আমাদের মহানগরেই প্রথমবার এই ধরনের উদ্যোগ নেওয়া হল।

বর্জ্য পুনর্ব্যবহারের সফল দৃষ্টান্ত

শহরের অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলা। সেখানেই এসপ্ল্যানেড বাস ডিপোয় গড়ে তোলা হয়েছে টায়ার পার্ক। রাজ্য পরিবহন দপ্তরের কর্মীরাই পার্কটি সাজিয়ে তুলেছেন। অনেক জায়গাতেই ফেলে দেওয়া টাওয়ার পড়ে থাকে। তাতে আবর্জনা হয়, টায়ারে জল জমে মশারা বংশবৃদ্ধি করে। পরিবেশেরও ক্ষতি হয়। পরিত্যক্ত টায়ার ফেলে না দিয়ে কীভাবে আবার ব্যবহার করা যায়, সেই ভাবনা থেকেই এমন পরিকল্পনা। পরিবহন দপ্তরের একাধিক ডিপো থেকে বাতিল টায়ার আনা হয়েছে পার্কে। টায়ার কেটে বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। কখনো পাখি, কখনো বা ছাতা – রঙিন টায়ারের নকশা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। টেবিল, চেয়ার, দোলনা – সব কিছুই টায়ার দিয়ে বানানো।

ফেলে দেওয়া টায়ার দিয়ে সাজানো উদ্যান

পশ্চিমবঙ্গ পরিবহন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেকটর রাজনবীর সিং কাপুর মিডিয়াকে জানান, এই জায়গাটি এমনিতে খুব জনবহুল। ভিড়ভাট্টার মাঝে এই পার্কটি শান্তির দ্বীপ হয়ে উঠবে। তিনি বলেন, কোনোকিছুই ফেলে দেওয়ার নয়। সবকিছু দিয়েই শিল্প হতে পারে।

জনসাধারণের জন্য খুব শিগগিরই খুলে দেওয়া হবে এই পার্ক। প্রবেশমূল্য মাত্র দশ টাকা। ভিতরে ছোটো ক্যাফে রয়েছে। আর থাকছে গান শোনার বন্দোবস্ত। সূর্য ডুবলে রঙের খেলা দেখাবে সুদৃশ্য ফোয়ারা। 

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগ 

ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা ইতিমধ্যেই শিল্পচর্চার জন্য খ্যাতি পেয়েছে। দুর্গাপুজোর ইনস্টলেশন আর্ট মুগ্ধ করেছে সারা বিশ্বের মানুষকে। এবার দেশের প্রথম টায়ার পার্কও নজর কাড়বে বলে মনে করছেন কলকাতার বাসিন্দারা। তার পাশাপাশি, ফেলে দেওয়া সামগ্রী পুনর্ব্যবহারে সফল দৃষ্টান্ত স্থাপন করছে এই পার্ক। 

Post Tags
Developed by DXDasia