
সংসদীয় কৌশল সশস্ত্র সংগ্রাম বিকাশের পথে কাঁটা
কিন্তু চারু মজুমদারের “সেরা কমরেডরা কৃষিবিপ্লব সংগঠিত করার জন্য গ্রামে চলুন” – এ আহ্বানের সঙ্গে তাল মিলিয়ে এই সংগঠনও (পরবর্তীকালে যারা মাওবাদী কমিউনিস্ট কেন্দ্র বা এমসিসি নাম গ্রহণ করেছিল) আমাদের গ্রামে যাবার জন্য উৎসাহিত করতে শুরু করে দিলেন। গ্রামে যাবার জন্য আমাদের তরুণ কমরেডরা অনেকে ছটফট করছিলেন। নেতৃত্ব তাঁদের অনেককে গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে আমিও সমীর রায়ের উৎসাহে একদিন বাড়িতে না জানিয়ে, যে ছোট্ট প্রতিষ্ঠানে কাজ করতাম, তাদের অফিসে একটি ইস্তফাপত্র দিয়ে বিপ্লবের জন্য ঘরবাড়ি ছাড়লাম। একটি মেয়ের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, সে বন্ধনও অস্বীকার করে একটি সুটকেসে কিছু জামাকাপড়, বইপত্র ও একটি ঝোলা ব্যাগ কাঁধে সুন্দরবনের পথে রওনা দিলাম।
সিপিআই(এমএল)-এর মুখপত্রে তখন ব্যক্তিহত্যার বা শ্রেণিশত্রু খতমের চাঞ্চল্যকর খবর যেমন বেরত, বেরত বন্দুক বা রাইফেল ছিনতাইয়ের রোমাঞ্চকর খবর, তেমনি ‘দক্ষিণদেশ’-এও কাঁকসা, সুন্দরবন, গয়া ইত্যাদি স্থানে ওই রকম রোমাঞ্চকর ঘটনার খবর প্রকাশিত হত যা আমাদেরও রোমাঞ্চিত করত। আমাদের কাছে খবর আসত, সুন্দরবনে আমাদের গোষ্ঠীর নেতৃত্বে দারুণ সব সশস্ত্র সংগ্রাম চলছে, খবর প্রকাশিত হত গেরিলা দল গঠনের – ক’দিনের মধ্যে আমিও তেমনি একটি গেরিলা ইউনিটের সদস্য হতে চলেছি! আমার ভালোবাসার মেয়েটির উদ্দেশ্যে লিখে গেলাম একটি কবিতা, যে কবিতা আমাদের বিপ্লবীদের কাছে হয়ে উঠেছিল সাড়া জাগানো, নাম ছিল ‘প্রিয়তমাসু’। কবিতায় আমি তাকে লিখেছিলাম আমার তখনকার অনুভবের কথা – “স্মৃতি মিথ্যে, প্রীতি মিথ্যে, ভালোবাসা মিথ্যে / সত্য আজ কিষাণের হৃদপিণ্ডে জ্বলন্ত বিক্ষোভে”। আমরা তখন মনে করতাম, ‘প্রেম’ একটা বুর্জোয়া ভাববিলাস, বিপ্লবীদের কাছে যা অবশ্য বর্জনীয়।
ওই গ্রামে যাবার পর্ব আলোচনার আগে আরও দু’তিনটি ঘটনার উল্লেখ না করলেই নয়। তার মধ্যে প্রথমটি হল, নকশালবাড়ির ঘটনা ঘটার পর আবার আমার মিউনিসিপ্যালিটি নির্বাচনে ভোটে দাঁড়ানো। চারু মজুমদারের দল সংসদীয় সংগ্রামকে নীতিগত প্রশ্ন হিসেবে গ্রহণ করেছিল। তাঁদের মতে সারা দুনিয়ায় এখন বিপ্লবী অবস্থা টগবগ করছে। সেই অবস্থায় সংসদীয় সংগ্রাম নীতিগতভাবেই চিরকালের জন্য বর্জনীয়। এ সময় সংগ্রামের একমাত্র রূপ সশস্ত্র সংগ্রাম – সংসদীয় সংগ্রাম সশস্ত্র সংগ্রাম বিকাশের পথে কাঁটা। আর আমরা যারা ‘দক্ষিণদেশ’ গোষ্ঠীতে নিজেদের যুক্ত করেছিলাম, তারা ছিলাম সংসদীয় সংগ্রামকে কৌশল হিসেবে গ্রহণ করার পক্ষে, তবে সশস্ত্র কৃষিবিপ্লবী সংগ্রামই আমাদের মুখ্য কাজ।
(চলবে)
