প্রসূতির মানসিক চাপ কমাতে, লেবার রুমে মিউজিক থেরাপি

উদ্যোগ শিলিগুড়ি জেলা হাসপাতালের

চিকিৎসায় মিউজিক থেরাপি নতুন কিছু নয়। সংগীত মানুষের মনের ক্ষতে প্রলেপ দিতে পারে। তাই, বিভিন্ন চিকিৎসায় এর ব্যবহার অনেকদিন থেকেই চলে আসছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের লেবার রুমে শুরু হয়েছে এমনই মিউজিক থেরাপি। প্রসূতির মানসিক চাপ কমাতে মৃদুস্বরে বক্সে শোনানো হচ্ছে রবীন্দ্রসংগীত।

হাসপাতালের লেবার রুমে মিউজিক থেরাপি চালুর ব্যাপারে অনেকদিন ধরে পরিকল্পনা চলছিল। সম্প্রতি তার বাস্তবায়ন হয়েছে।

হাসপাতাল সুপার সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালের লেবার রুমে মিউজিক থেরাপি চালুর ব্যাপারে অনেকদিন ধরে পরিকল্পনা চলছিল। সম্প্রতি তার বাস্তবায়ন হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে এই মিউজিক থেরাপি চালু হয়েছিল। শুধুই রবীন্দ্রসংগীত শোনানো হয়েছে। তাঁরা দেখতে চেয়েছিলেন প্রসূতিরা বিষয়টি কীভাবে নিচ্ছেন। হাসপাতাল সূত্রে খবর, নতুন এক অভিজ্ঞতা হচ্ছে প্রসূতি মায়েদের। কোনও অভিযোগ বা নেতিবাচক দিক ধরা পড়েনি। তাই লেবার রুমে রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে মিউজিক থেরাপি চলবে।

প্রসঙ্গত, শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন পরিষেবা চালু করার দাবি উঠেছে। বেশ কিছু নতুন সংযোজন পরিষেবার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এখানে চালু হয়েছে ইনফার্টিলিটি সেন্টার। যেখানে বন্ধ্যাত্ব দূরীকরণের জন্য কাউন্সেলিং ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে দম্পতিদের বন্ধ্যাত্বের প্রাথমিক সমস্যাগুলি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যে সেখানেও ভালো সাড়া মিলছে বলে জানান সুপার। এখানে চালু হয়েছে টিউমার বোর্ড ও ক্যান্সারের আউটডোর।

Developed by DXDasia