যাবতীয় ডিপ্রেশন দূর করে আমাদের মানসিক শক্তির দিকে জোর দিতে হবে

পোস্টার অফ দ্য ডে — রামু দাস

ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তবেই মানসিক শক্তি আরও দৃঢ় হবে। এই অন্ধকার সময়ে নিজের চিত্রশিল্পের মাধ্যমে বার্তা দিতে চান রামু দাস। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে রামু দাসের এই দুর্দান্ত কাজটি। বাস বীরভূম জেলায় শান্তিনিকেতনের পাশে রতনপল্লীতে। বিশ্বভারতীর কলাভবন থেকেই ফাইন আর্টসে স্নাতক এবং স্নাতকোত্তর। ২০০৩ সাল থেকে একের পর এক প্রদর্শনী হয়েছে তাঁর ছবি নিয়ে। কখনও যৌথভাবে, কখনও একক৷ শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরেও অনেক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন রামু। তাঁর এই পোস্টারটিতে দেখা যাচ্ছে মনোবল মানুষকে শক্ত করে, আশা জোগায়। তেমনই একটি মুঠোবদ্ধ হাত যেন সেই ইঙ্গিত দিচ্ছে। সেই হাতের শক্তিতে হেরে যাচ্ছে আপাত শত্রুরা৷ কোভিড-১৯ আসার ফলে মাত্র কয়েকমাসে পাল্টে গেছে বিশ্ববাসীর জীবনযাত্রা। এখন মনখারাপ, কষ্ট, ডিপ্রেশন শব্দগুলো আরও ভয়ংকরভাবে জাঁকিয়ে বসেছে। সেসবকে গুরুত্ব না দিয়ে মানসিক শক্তির উপর ভরসা রাখতে হবে। এমনটাই মনে করছেন শিল্পী রামু দাস।

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন রামু দাস। শিল্পীকে অভিনন্দন। 
 

Developed by DXDasia