
পোস্টার অফ দ্য ডে — গোপা রায়
মারণ জীবাণু কোভিড-১৯ এর আকৃতিতে দেখা গেল কৃষক সংগ্রামের গল্প। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে গোপা রায়ের এই দুর্দান্ত কাজটি। গোপার আদি বাড়ি ত্রিপুরায়। সেখানকারই গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর স্নাতকোত্তরের জন্য চলে যান বিশ্বভারতীর কলাভবনে। বর্তমানে কর্মসূত্রে দিল্লিতে রয়েছেন। ত্রিপুরা থেকে শান্তিনিকেতন, সেখান থেকে দিল্লি— এই যাত্রাপথে গোপা ছোটোবেলা থেকে দেখেছেন কৃষকদের খেটে খাওয়ার ছবি। তাই বারবার তাঁর কাজে ধরা পড়ে কৃষকদের কষ্ট থেকে উচ্ছ্বাসের কড়চা। এই পোস্টারটিতে দেখা যাচ্ছে ত্রিপুরার নিজস্ব শিল্পরীতি মেনে তিনি নির্মাণ করেছেন কৃষকদের দৈনন্দিন ব্যস্ততার গল্প।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন গোপা রায়। শিল্পীকে অভিনন্দন।
