সংক্রামিত হোক মনুষ্যত্ব — মারণ জীবাণুর আকৃতিতে উঠে এল সেই বার্তা

পোস্টার অফ দ্য ডে — জ্যোতির্ময় দলপতি

কিছুদিন আগেই কেরালা রাজ্যে একটি গর্ভবতী হাতিকে নৃশংসভাবে মেরে ফেলার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সমাজের সর্বত্র স্তর থেকে নেমে এসেছিল তীব্র প্রতিবাদ। সেই মনুষ্যত্ব নিয়েই এবার কথা বললেন শিল্পী জ্যোতির্ময় দলপতি। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে জ্যোতির্ময় দলপতির এই দুর্দান্ত কাজটি। থাকেন হাওড়া জেলার উলুবেড়িয়াতে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক স্তরের পড়াশোনার পর গ্রাফিক্স নিয়ে ভর্তি হন দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ-এ। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রাজ্যে এবং রাজ্যের বাইরে প্রচুর চিত্র প্রদর্শনী করেছেন, পেয়েছেন জাতীয় পুরস্কারও। এই পোস্টারটির মাধ্যমে তিনি গ্রাম এবং অরণ্যের ধ্বংস হওয়ার চিত্র সামনে আনতে চেয়েছেন। প্রতিনিয়ত অরণ্য নিধন করে গাছ কমিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে অবলা প্রাণীরা যখন তখন চলে আসছে শহরের রাস্তায়। খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে দিশেহারা পরিস্থিতি। পেন অন পেপারের মাধ্যমে মনুষ্যত্বের দিকটি তুলে ধরতে চাইলেন জ্যোতির্ময়। কারণ এই পৃথিবীর শেষ দিন অবধি বেঁচে থাকবে একমাত্র মনুষ্যত্ব। তাকে বিসর্জন দিলে সমাজের কাঠামো ঠিক থাকবে না।
 
                                             

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন জ্যোতির্ময় দলপতি। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia