লক্ষ লক্ষ শ্রমিকের অধিকারের কথা উঠে এল মারণ জীবাণুর আকৃতিতে

পোস্টার অফ দ্য ডে — অপু বন্দ্যোপাধ্যায়

এই কঠিন দুর্যোগে মে দিবসে শ্রমিকদের শ্রদ্ধা জানালেন শিল্পী অপু বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মারণ জীবাণু কোভিড ১৯-এর আকৃতিই ব্যবহার করলেন। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে অপু বন্দ্যোপাধ্যায়ের এই দুর্দান্ত কাজটি। কলকাতার দমদমের বাসিন্দা অপু ১৯৯৫ সাল থেকে রয়েছেন বিজ্ঞাপন দুনিয়ায়। কাজ করেছেন প্রখ্যাত রাম রে-র সঙ্গে। পরবর্তীতে বিজ্ঞাপনের জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন সৃজন সম্মান। তাঁর তৈরি পোস্টারে দেখা যাবে শ্রমিকদের ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম দিয়ে গ্রাফিক্সটি নির্মিত হয়েছে। এছাড়াও রয়েছে মুঠো করা হাত, যা শ্রমিকদের একতার সংগ্রামকে ইঙ্গিত করছে। মে দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টারটি বেশ সাড়া ফেলে। বর্তমানে নিজের একটি এজেন্সি রয়েছে অপু বন্দ্যোপাধ্যায়ের। পোস্টারে বার্তা দিতে তিনি লিখেছেন, শ্রমিকদের অধিকার সংক্রামিত হোক।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অপু বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে অভিনন্দন।

 

Developed by DXDasia