
পোস্টার অফ দ্য ডে — পৌলমী গুহ
সংক্রামিত হোক নির্ভরতা কিংবা যেকোনো সাফল্য, এমনই বার্তা দিচ্ছেন শিল্পী পৌলমী গুহ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে পৌলমী গুহর এই দুর্দান্ত কাজটি। পৌলমীর প্রথাগত পড়াশোনা কিন্তু আর্ট নিয়ে ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বোটানি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার পর শিল্পের প্রতি ভালোবাসায় পুরোপুরি চলে এসেছেন এই জগতে। বর্তমানে পৌলমী এমন কাজকেই তাঁর পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি চলচ্চিত্রে সহযোগী শিল্প নির্দেশক হিসেবেও কাজ করে থাকেন। তাঁর এই পোস্টারে দেখা যাবে ভ্রূণের চিত্র। একটি শিশু মাতৃগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে নতুন আলোর পৃথিবীতে পৌঁছে যেতে চাইছে। পৌলমী বলতে চাইছেন, অশান্ত এবং অপরিচ্ছন্ন পৃথিবী থেকে বেরিয়ে নতুন একটা পরিচ্ছন্ন পৃথিবীতে চলে যাক আগামী প্রজন্ম। এমনটাই হয়তো হওয়া উচিত। মাতৃগর্ভের এই ছটফটানি আসলে আগামীর অহংকার। তাতে মুক্ত হাসির রেখাটুকু ছাড়া আর কীই বা আছে! পৌলমী মনে করিয়ে দিতে চান, সাফল্য আসলে একটা যাত্রা, তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। ইচ্ছা আর উপায় থাকলে সমস্ত স্বপ্ন একদিন সত্যি হবেই। আপাতত এই সংকটজনক পরিস্থিতিতে প্রত্যেককে দূর থেকে সবার পাশে থাকতে হবে। আর অবশ্যই ইতিবাচকতার দিকে এগিয়ে যেতে হবে।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন পৌলমী গুহ। শিল্পীকে অভিনন্দন।
