
মাত্র এক টাকার বিনিময়ে ৫৭ বছর ধরে রোগীদের চিকিৎসা করেছেন ডাঃ বন্দ্যোপাধ্যায়
প্রয়াত ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত ‘এক টাকার চিকিৎসক’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বোলপুরের বাসিন্দারা তাঁকে ভগবান মানতেন। মাত্র এক টাকার বিনিময়ে ৫৭ বছর ধরে রোগীদের চিকিৎসা করেছেন ডাঃ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে বিশেষ কৃতিত্ব এবং সমাজসেবামূলক কাজের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।
২০২০ সালে ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। কারণ হিসাবে দেখা যায়, সুশোভনবাবু বিশ্বে সর্বাধিক রোগীর চিকিৎসা করেছিলেন। ২০২০ সাল পর্যন্ত তিনি প্রায় ২০ লক্ষ রোগী দেখেছিলেন। সেই তথ্যের বিচারে একটি রেজিস্ট্রি খাম আসে ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের (Dr. Sushovan Banerjee) বাড়িতে। আসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মানপত্রও।

পদ্মশ্রী হাতে ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়
বোলপুরের (Bolpur) হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু। এলাকাবাসীরা ‘এক টাকার চিকিৎসক’ বলেই ডাকতেন তাঁকে। নিজের বাড়িতে চেম্বার তৈরি করে সেখানেই নিয়মিত রোগী দেখতেন। ১৯৬০-এর দশকে MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছিলেন। দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভনবাবু। যাঁদের মধ্যে অন্যতম প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay)। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতি কমিটির সদস্যও ছিলেন ডাঃ বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভনবাবু। যাঁদের মধ্যে অন্যতম প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতি কমিটির সদস্যও ছিলেন ডাঃ বন্দ্যোপাধ্যায়।
বারবার তিনি বলতেন, যতদিন বাঁচবেন, রোগীর সেবা করে যাবেন। বীরভূম জেলায় বলাবলি হয়, যার কেউ নেই, তার ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় আছেন। লকডাউনে যখন ডাক্তারের হাহাকার চারিদিকে, সেই সময় প্রতিদিন প্রায় ১৫০ জন করে রোগী দেখেছেন।
আজীবন তিনি মেনে এসেছেন চিকিৎসক মানেই মোটা অর্থ উপার্জন নয়। বরং বেশি করে সাধারণ হতদরিদ্রদের পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য ছিল সুশোভন বন্দ্যোপাধ্যায়ের। বোলপুর তথা বীরভূমের প্রত্যন্ত গ্রামের আদিবাসী মানুষদের দৈনিক এক টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন। ‘পদ্মশ্রী’ (padmashree) ডাঃ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন।
Sad to know of the demise of benevolent doctor Sushovan Bandyopadhyay. The famed one-rupee-doctor of Birbhum was known for his public-spirited philanthropy, and I express my sincerest condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2022
আজ ট্যুইট করে শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bannerjee)। তিনি লেখেন, “সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকাহত। বীরভূমের এক টাকার চিকিৎসক হিসেবে জনপ্রিয় ছিলেন। তাঁর আদর্শের জন্যই সুখ্যাতি পেয়েছিলেন।” বোলপুরের অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এই কিংবদন্তি ডাক্তারের প্রয়াণে আজ শোকস্তব্ধ গ্রামের প্রত্যেকটি পরিবার।
