বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘মিস ইংল্যান্ড’

আমফান বিধ্বস্ত এলাকার অসহায় মানুষদের জন্য তিনি গড়ে তুলছেন ত্রাণ তহবিল

গত বছর জিতেছিলেন ‘মিস ইংল্যান্ড’-এর খেতাব। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে মাস দুয়েক আগে স্টেথোস্কোপ হাতে ডাক্তারিতে নেমে পড়েছেন। এবার আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ালেন তিনি।

ভাষা মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়। ৯ বছর বয়সে ইংল্যান্ড পাড়ি দেন। চিকিৎসাবিজ্ঞানে দু’টি পৃথক ডিগ্রি অর্জন করেছেন। বোস্টনের পিলগ্রিম হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে কাজ করতেন। গত বছর ইংল্যান্ডের সেরা সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য চিকিৎসকের কাজ ছেড়েছিলেন। বিজয়ী হওয়ার পর মডেলিং শুরু করেন। যুক্ত হয়েছিলেন কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে। মার্চের শুরুতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে ভারতে এসেছিলেন। ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আবার পুরোনো পেশা ডাক্তারিতে ফিরে যান ভাষা।

সম্প্রতি আমফান সুপার সাইক্লোনের তাণ্ডবে প্রবল বিপর্যয়ের শিকার হয়েছে বাংলা। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাংলার মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাষা মুখোপাধ্যায়। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, কলকাতা মানেই তাঁর পরিবার। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলার নানা প্রান্তে অসহায় মানুষদের জন্য কাজ করছে ‘দ্য হোপ ফাউন্ডেশন’ নামের এক সংস্থা। এই সংস্থার ব্র্যান্ড অ্যামবাসাডর হিসেবে ভাষা একটি ত্রাণ তহবিল গড়ে তুলেছেন। সেখানে তিনি নিজে অনুদান দিয়েছেন। সবাইকে অনুরোধ জানিয়েছেন অর্থসাহায্যের জন্য। 

Developed by DXDasia