
‘বেঙ্গল মাস্টার্স’-এ থাকছেন যোগেন চৌধুরী, সনৎ কর এবং গণেশ হালুই
ধরা যাক, ‘গুরুদেব’ স্থানীয় বাংলার চিত্রশিল্পীদের একটি তালিকা বানাচ্ছেন আপনি। সেই তালিকা যতই ছোটো হোক না কেন, গণেশ হালুই (Ganesh Haloi), যোগেন চৌধুরী (Jogen Chowdhury) এবং সনৎ কর Sanat Kar) থাকবেনই। মায়া আর্ট স্পেস (Maya Art Space)-এর উদ্যোগে ‘বেঙ্গল মাস্টার্স’ (Bengal Masters) শিরোনামে এমন একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে এই প্রথমবার তিন প্রখ্যাত চিত্রকরের শিল্পকর্ম একসঙ্গে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি শুরু হয়েছে গত ৩০ জুলাই।
যোগেন চৌধুরীর চিত্রকৃতি
প্রদর্শনীটি আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে এই কারণেই যে, শিল্পজগতের এই তিন মহারথী প্রবীণ হলেও, তাঁদের কাজগুলি সাম্প্রতিক এবং কয়েক দশকের দক্ষতা ও অভিজ্ঞতার ফসল। তাঁদের কাজ নতুন করে লেখা বা সমালোচনা অপ্রয়োজনীয় বলেই বোধ হয়, তবুও এই প্রদর্শনীর কাজগুলি সংক্ষেপে বর্ণনা করলে বলতে হয়, যোগেন চৌধুরী কৃত যে কাজগুলি এই প্রদর্শনীতে রয়েছে সেগুলি দেখে সম্পূর্ণ নতুন ভাবে তাঁর ছবিকে আবিষ্কার করা যায়। তা সে রঙ হোক অথবা রেখা। রেখার উপর যোগেনবাবুর দীর্ঘদিনের দক্ষতা ছবিগুলিতে নতুন আঙ্গিকের জন্ম দিয়েছে।
সনৎ করের লিথোগ্রাফ
অন্যদিকে সনৎ কর, গ্রাফিক প্রিন্টিংয়ের ক্ষেত্রে, খোদাই শিল্পে যাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর ছবিগুলি স্বপ্নের ভিতর নিয়ে যায়, দর্শককে বাস্তবতা এবং বিভ্রমের মধ্যে স্থগিত করে, বিশেষ করে জীবন ও মৃত্যুর অমীমাংসিত ধাঁধার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
গণেশ হালুইয়ের ছবি মনে করিয়ে দেয় বিচ্ছিন্নতা। আমরা প্রত্যেকে প্রকৃতিতে একা এবং অবশেষে এটিরই অংশ হয়ে উঠি। প্রকৃতির সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া সবসময় বাস্তব বা সংজ্ঞায়িত হয় না, তাঁর কাজগুলিতে বারবার এই অভিব্যক্তিই ধরা পড়ে। ছবিগুলি দর্শকদের মনের সবচেয়ে ভিতরের অংশগুলিতে পৌঁছানোর জন্য আকার এবং রঙ অন্বেষণে উত্সাহিত করে।
এই প্রদর্শনীতে যোগেন চৌধুরীর ১১টি কাজ, সনত করের ১২টি লিথোগ্রাফ এবং অন্যান্য কিছু কাজ এবং গণেশ হালুই-এর ছয়টি চিত্রকর্ম রয়েছে৷
গণেশ হালুই-এর শিল্পকর্ম
সনৎ কর, গণেশ হালুই, যোগেন চৌধুরী। তিন জনেরই জন্ম গত শতকের ত্রিশের দশকে মধ্য ও শেষ ভাগে, তিন জনেরই শিল্পপাঠ প্রতিষ্ঠান কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ। স্বাধীনতা-উত্তর কালে, বেঙ্গল স্কুল-পরবর্তী সময়ে বাংলার শিল্পে নবধারা ও আধুনিকতার সংযোজনে এই তিন শিল্পীর অবদান স্মরণীয়। সনৎ করের ছাপচিত্র চর্চা ও ‘প্লাইউড ইন্তাল্লিয়ো’র প্রবর্তন, গণেশ হালুইয়ের বিমূর্ত শিল্পসৃষ্টি, যোগেন চৌধুরীর চিত্রকৃতির বিস্তৃত পরিসর বঙ্গ তথা ভারতশিল্পকে পৌঁছে দিয়েছে বৈশ্বিক উত্তরণভূমিতে। এই প্রদর্শনী আরও একবার মনে করিয়ে দেবে এই কথাগুলিই।

প্রদর্শনীর স্থানঃ মায়া আর্ট স্পেস, মোহনা, ৩২৯ রাজডাঙ্গা মেইন রোড, শান্তিপল্লী, কলকাতা ৭০০১০৭
সময়: ৩০ জুলাই থেকে ৭ আগস্ট, প্রতিদিন ২টো থেকে ৮টা।
যোগাযোগ: +91 9836069987 | mayaartspace@yahoo.in | www.mayaartspace.com
