স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সিমা গ্যালারিতে চলছে এই প্রদর্শনীটি
৫ ঘণ্টায় কত কী পাল্টে যায়, আর ভারত-অর্জিত স্বাধীনতার বয়স এখন ৭৫। ৭৫ বছর পেরিয়ে গিয়েছে আমরা ব্রিটিশ-শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীন হয়েছি। সেই উপলক্ষ্যে বার বার আমরা সুযোগ পাচ্ছি অতীতের দিনগুলি ফিরে দেখার – কোথা থেকে শুরু করেছিলাম আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কীভাবে বদলেছে এ দেশের ক্যানভাস? সিমা গ্যালারি (CIMA Gallery)-তে দেখে আসতে পারেন ‘কালার্স অফ ফ্রিডম’ (Colours of Freedom), বাংলা সহ সারা ভারতের প্রবীণ ও নবীন শিল্পীদের হাতে গড়া স্বাধীন ভারতের টুকরো টুকরো গল্প।
সিনেমা, ছবি, সাহিত্য, রাজনীতি, সমাজ সবই পাল্টেছে ৭৫ বছরে। স্বাধীনতার পরের বিভিন্ন শতকের শিল্পকর্ম কীভাবে ভাষা পেয়েছিল, তা-ই দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। স্বাধীনতার ৭৫ বছরে কত ধরনের ভাবনা তৈরি হয়েছে ভারতীয়দের সৃজনশীল মনে, তা দেখা যাবে এখানে। ১৯৪৭ সালের পর থেকে প্রতি দশকের শিল্পীদের কাজ রাখা হয়েছে প্রদর্শনীতে।
শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহরের শিল্পীই নন, প্রান্তিক বহু শিল্পীর কাজও দেখা যাবে এখানে। মকবুল ফিদা হুসেন, হরেন দাস, গণেশ পাইন, যোগেন চৌধুরী, বিকাশ ভট্টাচার্য, লালুপ্রসাদ সাউ, সোমনাথ হোর, সমীর আইচ, কে. জি. সুব্রহ্মণ্যম, সইয়দ হায়দর রাজা, ফ্রান্সিস নিউটন সুজা থেকে শুরু করে সোহম গুপ্তের মতো তরুণ শিল্পীদের কাজও থাকছে এখানে।
প্রদর্শনীতে সাম্প্রতিক কাজের মধ্যে আছে সত্যরঞ্জন দাসের ছবি, জগজিৎ কুমার রাই-এর ছবি, যোগেশ পি নাইকের ছবি, জয়া গাঙ্গুলি প্রমুখের ছবি।
আরও পড়ুন: ‘দ্য লেগাসি অব লস: পারস্পেকটিভস অন দ্য পার্টিশন অব বেঙ্গল’ প্রদর্শনী-পর্যালোচনা
সে কাল থেকে এ কালে আসার মাঝে ধাপে ধাপে বদল এসেছে শিল্পীর শৈলীতে, ফ্রেমে, কথা বলার ধরনে। বাবরি ধ্বংস থেকে ইন্দিরা গাঁধীর মৃত্যু, অতিমারি থেকে অর্থনৈতিক সঙ্কট, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে চিৎকার — নানা সময়ের কথাই বলেছে স্বাধীন ভারতের শিল্প। দেশভাগের পরও প্রবহমান সাম্প্রদায়িক হিংসা উঠে এসেছে এ সময়ের শিল্পে।
মীরা মুখোপাধ্যায়, সর্বরী রায় চৌধুরীর ভাস্কর্য যেমন আনকোরা কথা বলে ওঠে তেমনই নগর সভ্যতাকে তুলে আনার ক্যানভাসের সঙ্গে মিশেছে পটচিত্র – অপির্তা সিংহের ক্যানভাসের সঙ্গে স্বর্ণ চিত্রকরের পটচিত্রে উঠে আসে মঙ্গল-কাব্য, নারীর প্রথাভাঙার গান।
দেখা যাবে ‘পথের পাঁচালী’, ‘শোলে’-র মতো স্বাধীন ভারতের নতুন ভাবনা তুলে ধরার মতো কিছু চলচ্চিত্রের ফ্রেমও। ‘পথের পাঁচালী’-র দৃশ্যভাবনা, সত্যজিৎ রায়-এর চোখে ধরা পড়া নব্য বাস্তববাদ প্রভাবিত করেছিল কিছু ক্যানভাস, মকবুল ফিদা হুসেনকে।

২০ মে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত। রবিবার ও ছুটির দিন বাদে যে কোনও দিন সন্ধ্যা ৭টার মধ্যে সিমা গ্যালারিতে পৌঁছে গেলেই দেখতে পাবেন বাংলা সহ সারা ভারতের প্রবীণ ও নবীন শিল্পীদের হাতে গড়া স্বাধীন ভারতের এইসব বিচ্ছিন্ন অথবা যৌথতার গল্প।
কৃতজ্ঞতাঃ
cimaartindia.com