
পরিবেশ রক্ষায় নতুন দিশা
শসার খোসা না ফেলে দিয়ে লাগানো যেতে পারে কাজে। তা থেকে পরিবেশ বান্ধব প্যাকেট বানানো সম্ভব। এমনটাই করে দেখালেন খড়গপুর আইআইটির গবেষকরা।
খড়গপুর আইআইটির সহকারী অধ্যাপিকা জয়িতা মিত্র এবং রিসার্চ স্কলার এন সাঁই প্রসন্ন চেয়েছিলেন খাবার সংরক্ষণের জন্য এমন ফিল্ম বা কোটিং তৈরি করতে, যা পরিবেশে মিশে যায়। গবেষণার মাধ্যমে তাঁরা শসার খোসাকে কাজে লাগিয়ে খাবার প্যাকেজিংয়ের মোড়ক তৈরি করেন। তাঁদের মতে, প্রচুর সেলু্লোজ থাকে শসার খোসায়। সেই সেলুলোজ ন্যানোক্রিস্টাল দিয়ে বানানো প্যাকেট পরিবেশ–বান্ধব, মাটিতে সহজে মিশে যায় এবং কম অক্সিজেন ভিতরে ঢোকে। ফলে খাবার নষ্ট হয় না। খরচও কম হয়। তাছাড়া, শসা আমাদের দেশে সহজলভ্য।
শসার খোসা দিয়ে বানানো প্যাকেট হয়ে উঠতে পারে প্লাস্টিকের বিকল্প। সারা বিশ্বে প্লাস্টিকের ব্যবহার রুখতে নতুন দিশা আনল খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের এই গবেষণা। ল্যাবরেটারির পরীক্ষায় সাফল্যের পর তাঁদের বানানো মোড়ক এখন বাণিজ্যিকভাবে উৎপাদনের অপেক্ষায়।

