বাংলায়-সিকিমে দুর্যোগ মোকাবিলায় বিশেষ ম্যাপ, ভারতীয় মানচিত্র নির্মাতাদের অভিনব উদ্যোগ

ন্যাটমো এবং এনডিআরএফ, এদের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে

ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন (ন্যাটমো)এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), এই দুই সংস্থার মধ্যে ৩০ জুলাই কলকাতাতে এমন একটি মৌ(মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে, যা একটি অভিনব অংশীদারিত্বের বার্তা বহন করছে। ন্যাটমো ও এনডিআরএফ, এই দুই সংস্থার উদ্যোগে এমন একটি উপযোগী-তথ্য মানচিত্র তৈরি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গ এবং সিকিমের সমস্ত জেলার দুর্যোগ মোকাবিলায় ও এনডিআরএফ-এর ত্রাণ কার্যক্রমে সহায়তা করবে।  

যেকোনো প্রাকৃতিক দুর্যোগস্থলে দ্রুততম সময়ে পৌঁছতে একটি রুট ম্যাপ অন্যতম প্রধান প্রয়োজনীয়তা এনডিআরএফ-এর ক্ষেত্রে। একইভাবে, দুর্যোগের স্থান থেকে সরিয়ে নেওয়া বা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, প্রশাসনিক কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রের অবস্থান এবং এলাকার অন্যান্য তথ্য এনডিআরএফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষত, মোবাইল, ল্যান্ডলাইন এবং ইন্টারনেট নেটওয়ার্কগুলি প্রাকৃতিক দুর্যোগের সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে, এই সময়ে একটি সত্যিকারের তথ্য বা ‘ইউটিলিটি ম্যাপ’ এনডিআরএফ-কে পরিচালনা করার একমাত্র পথ। ন্যাটমো তাই জাতির সেবায় এই ধরনের মানচিত্রগুলি প্রস্তুত করার দায়িত্ব নিয়েছে।খুঁটিনাটি স্থানীয় তথ্য বা ‘ইউটিলিটি ম্যাপ’ জেলা পর্যায়ে প্রস্তুত করা হবে এবং এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের সমস্ত জেলার ম্যাপ করা হবে, যা প্রাকৃতিক দুর্যোগের সময় রাস্তাঘাট, ড্রেনেজ এবং স্থান নির্ণয়ের বিস্তারিত বিবরণ ধারণ করবে এবং এটি প্রস্তুত করা হবে ১:৫০,০০০ স্কেলে।ন্যাটমো হল দেশের একমাত্র বিষয়ভিত্তিক ম্যাপিং সংস্থা, এবং এটি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত ন্যাটমো সফলভাবে ৬৫ বছর ধরে জাতির সেবা করেছে। এর মাইলফলক প্রকাশনার মধ্যে রয়েছে ভারতের জাতীয় মানচিত্র, ভারতের কৃষি মানচিত্র, ভারতের অরণ্য মানচিত্র, ভারতের আর্থ-সামাজিক মানচিত্র এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মানচিত্র। ন্যাটমো দৃষ্টহীনদের জন্য ব্রেইল মানচিত্র তৈরি করেছে, আদিবাসী শিল্পেরও অগ্রগতি করেছে এবং ভারতের জন্য প্রথম ব্রেইল মানচিত্র প্রকাশের জন্য দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরস্কার পেয়েছে।

অন্যদিকে, এনডিআরএফ হল দুর্যোগ মোকাবিলা-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নিবেদিত বাহিনী, যা ভারত সরকার দ্বারা ২০০৮ সালে প্রতিষ্ঠা পেয়েছিল এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। দেশ যখনই কোন বড় দুর্যোগের সম্মুখীন হয়েছে তখন 'প্রি-পজিশনিং' এর মাধ্যমে বড়োসড়ো ক্ষয়ক্ষতি হ্রাস করতে সাহায্য করেছে। বর্তমানে, এনডিআরএফ-এর ১৬ টি ব্যাটালিয়ন সারা দেশে ছড়িয়ে আছে। উদ্ধার অভিযানের পেশাদারিত্বের জন্য এনডিআরএফ একটি বিশিষ্ট, অনন্য শক্তি।

(এই প্রতিবেদনটি ইংরেজিতে পড়তে চাইলে  )

Developed by DXDasia