ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ
কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ফলে রাজ্য সরকার MSMEগুলোর দ্রুত উন্নতি ও বৃদ্ধিতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ছোটো, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে বিগত কয়েক বছরে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (সিডবি) সঙ্গে আগেই ‘মউ’ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষুদ্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্যগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে সিডবি। এবার সিডবি ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনেই ক্ষুদ্র শিল্প উন্নয়নের জন্য বরাদ্দ হল অর্থ।
এই শিল্পে বর্তমানে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রায় এক কোটি ক্ষুদ্র শিল্পের ইউনিট রয়েছে এ রাজ্যে।
ক্ষুদ্র শিল্প উন্নয়নে বর্তমানে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রায় এক কোটি ক্ষুদ্র শিল্পের ইউনিট রয়েছে এ রাজ্যে। হস্তশিল্পের সমস্ত ক্ষেত্রেই ক্লাস্টার তৈরি করা হচ্ছে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজের গুণমান বৃদ্ধির ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। ২০২৪-২০২৫ অর্থবর্ষের প্রথম কিস্তি তথা আর্থিক বছরের মোট খরচের ২৫ শতাংশ টাকা দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থদপ্তর। মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় জমি ও মেশিন কেনার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা যাচ্ছে। একটি ক্লাস্টারের মাধ্যমে নির্দিষ্ট একটি শিল্পের সঙ্গে জড়িত শতাধিক মানুষকে উন্নত প্রযুক্তির সুবিধা প্রদান করা সম্ভব হয়। তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার প্রশিক্ষণও আরও ভালোভাবে দেওয়া যায়। ফলে এই অর্থ বরাদ্দ সার্বিকভাবে কাজে গতি আনবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, সরকারি হিসেব অনুযায়ী, গত বছরে রাজ্য জুড়ে ৯০ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। এ ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগীদের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা।