শীতের আড্ডায় জমজমাট মাছের চপ

শীতের সান্ধ্য আড্ডাগুলোকে মনোরম করে তুলতে বাড়িতে বানানো মুচমুচে চপের জুড়ি মেলা ভার

শীত চলে এসেছে দোরগোড়ায়। শীতে বাঙালির আড্ডা আর খাওয়া-দাওয়া জুরি মেলা ভার। পাড়ার চায়ের ঠেক হোক বা কফি হাউস, কিংবা কোনো ক্যাফে বা বার – আড্ডা দেওয়া যেন শেষ হয় না। আর ঘরকুনো বাঙালি? বাড়িতেই কিছু একটা রান্না। কখনও মুখরোচক, কখনও মিষ্টি। শীতের সেইসব সান্ধ্য আড্ডাগুলোকে মনোরম করে তুলতে বাড়িতে বানানো মুচমুচে চপের জুড়ি মেলা ভার। আর সেই চপ যদি হয় মাছের! তাহলে তো মাছে-ভাতে বাঙালির জিভে জল আসবেই। রইল মাছের চপ বানানোর একটা সহজ রেসিপি। পড়ুন আর হেঁসেলে গিয়ে এক্ষুনি বানিয়ে নিন।

 উপকরণ 

•    কাঁটা ছাড়া মাছের ফিলে (ভেটকি বা রুই) ৪০০ গ্রাম
•    পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
•    রসুন কুচি ১ চা-চামচ
•    আদা কুচি ১ চা-চামচ
•    কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো
•    গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ
•    নুন স্বাদমতো
•    পুদিনা পাতা কুচি ১ চা-চামচ
•    লেবুর রস ১ টেবিল চামচ
•    ফেটানো ডিম ১টি
•    ব্রেড ক্রাম্ব ১ কাপ
•    ভাজার জন্য তেল

 প্রণালী 

মাছে নুন ও লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও মাছ দিয়ে কষিয়ে নিন। মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন। মাছের মিশ্রণ ঠান্ডা হলে তাতে পুদিনা পাতা কুচি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মেখে চপ আকারে তৈরি করে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে সস অথবা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম মুচমুচে মাছের চপ।

রেসিপিঃ অরুণ পাল

Developed by DXDasia