দিদি গান শিখত, ছোটোবেলায় একটি রাগের বন্দিশ বারান্দা থেকে গেয়ে দিয়েছিলেন জয়দীপ

ইয়ং বেঙ্গল-এ সংগীতশিল্পী জয়দীপ সিনহা এক্সক্লুসিভ – দেখুন ভিডিও

জয়দীপ সিনহার সঙ্গীত শিক্ষারম্ভ শিশু বয়সে৷ দিদি গান শিখত, কোনো একটা রাগের বন্দিশ জয়দীপ বারান্দা থেকে গেয়ে দিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে গান শেখানো সেই তখন থেকেই। পরবর্তীকালে শ্রীমতি মায়া সেনের কাছে রবীন্দ্রসংগীত শেখার সুযোগ হয়৷ শাস্ত্রীয় সংগীতের তালিম নেন ইন্দোর ঘরানার শিল্পী ডঃ সমীরণ চট্টোপাধ্যায়ের কাছে৷ 

২০০৯ সালে অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশনে গজল বিভাগে সারা ভারতে দ্বিতীয় স্হানাধিকার করার পর গজল গাওয়ার আত্মবিশ্বাস বাড়ে৷ এর আগে এই ঘরানার প্রতি ভালোবাসার জন্য পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি থেকে উর্দু শিক্ষা লাভ করেন জয়দীপ। সেই থেকে গজলের প্রেম বেড়ে যায়। 

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করে, দেশে ফিরে কিছু কাজ করে কলকাতায় ফিরে আসার পর আকস্মিক ভাবেই জড়িয়ে পড়লেন বাংলা থিয়েটারের সঙ্গে৷ কসবা অর্ঘ্য প্রযোজিত ‘ঊরুভঙ্গম্‌’-এর মতো সাড়াজাগানো প্রযোজনার মূল কণ্ঠশিল্পী হিসাবে কিছু বছর অংশগ্রহণ করেছেন৷ তার পাশাপাশি ‘ম্যাকবেথ বাদ্য’, ‘অন্ধাযুগ’, ‘রবিদাদুর পাঠশালা’-সহ আরও অনেক নাটকের সঙ্গীত প্রয়োগ ও গায়নে ভূমিকা গ্রহণ করেন৷ ‘সীতায়ণ’-এও গাইবার সুযোগ ঘটে, যে নাটকটি এখনও নিয়মিত মঞ্চস্হ হচ্ছে৷ উকাশ অটকওস্কি পরিচালিত পোলিশ নাটক ‘স্ট্রাকু নিয়ে মা’-এ অংশগ্রহণ করেন৷ ডেনমার্কের ওডিন টিয়েট্রেটে ‘মেঘদূতম্‌’ নাটকে গাইবার সুযোগ হয় বিশ্ববিখ্যাত পরিচালক ইউজেনিও বারবা ও অভিনেত্রী এলজে মেরীর সম্মুখে৷ 

বিখ্যাত কন্নড় অভিনেত্রী রামেশ্বরী ভর্মা অভিনীত ‘জীবায়ণা ওন্দু স্ত্রী সম্ভ্রমা’ নাটকে গাইবার সৌভাগ্য হয় জয়দীপের৷ রামেশ্বরী জী, প্রসন্ন জী, পদ্মশ্রী বি.জয়শ্রীকে গান শোনানোর সুযোগ হয়৷ মহীশূর ও পশ্চিমবঙ্গের Tete A Tete Festival-এ জয়দীপ খেয়াল পরিবেশন করেছেন৷ নাটক ছাড়াও কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও ডান্স থিয়েটারের জন্য জয়দীপ সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি একটি নাটকে মূল চরিত্রে অভিনয় ও সঙ্গীতের ভার নিতে হয়েছে তাঁকে৷ নিজের সমস্ত জার্নি এবং দেখা না দেখার অভিজ্ঞতার কথা বললেন বঙ্গদর্শনকে।

বঙ্গদর্শনের নতুন বিভাগ ‘ইয়ং বেঙ্গল’ (Young Bengal)। এই বাংলায় ছড়িয়ে থাকা তরুণ শিল্পীদের নিজের কথা বলার নিজস্ব ফোরাম। তাঁরা নিজেরাই বলবেন তাঁদের জার্নির গল্প। উঠে আসবে নানা ভাবনা, নানা বিস্ময়।

*তরুণ শিল্পীদের জানানো হচ্ছে, আপনারা যদি আপনার কর্মকাণ্ডের দিক বঙ্গদর্শনের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে ইমেল মারফত যোগাযোগ করতে পারেন- sumansadhu.bongodorshon@gmail.com 

Developed by DXDasia