‘কলকাতা ও বাংলার প্রভাব পড়েছে আমার শিল্পকর্মে’
জার্মানির স্ট্যাম্পে ব্যবহার করা হয়েছে বাঙালি সুদীপ চট্টোপাধ্যায়ের আঁকা ছবি। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা বললেন সহেলি মিত্র
• আপনি কীভাবে জানলেন যে আপনার আঁকা ছবি ব্যবহার করা হয়েছে জার্মানির স্ট্যাম্পে?
কিছুদিন আগে আমি একটি বই পাই। বইটির নাম ‘ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ড আর্ট’। এই বইয়ের ‘ভলিউম ৪’-এ দেখি আমার আঁকা ছবি ও আমার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। পাশাপাশি, আমি ১.৪৫ ইউরোতে Deutsche ডাকটিকিট পেয়েছি, যার মধ্যে আমার দুটি পেইন্টিং ছিল।
• যেই ছবিগুলি নির্বাচিত হয়েছিল সেগুলির বিশেষত্ব কী?
প্রত্যেক শিল্পীর নিজস্ব পদ্ধতি আছে। আমার শিল্পের মাধ্যম হল মিক্স মিডিয়া। যে ছবিগুলি নির্বাচিত হয়েছে সেইগুলিও মিক্স মিডিয়াতেই তৈরি করেছিলাম।
• শিল্পীর শিল্পকর্মের উপর নাকি তাঁর পারিপার্শ্বিক পরিবেশের ছাপ পড়ে। আপনার শিল্পেও কি কলকাতা ও বাংলার ছাপ আছে?
যে যেখানে থাকে ছোট থেকে বড় হয় তার প্রভাব তাঁর জীবনের উপর পড়বে এটাই স্বাভাবিক বিষয়। আর আমার জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে শিল্পকর্ম। তাই কলকাতা ও বাংলা এবং আমার আশপাশের প্রভাব অবশ্যই পড়েছে শিল্পকর্মে।
• প্রশ্ন- আপনার কী মনে হয়, কেন আপনার ছবি নির্বাচিত হল? আপনার ছবির মধ্যে জার্মানির ঐতিহ্যের সঙ্গে কি মিল রয়েছে বলে আপনার মনে হয়?
আসলে কী জানেন, শিল্পের কোনো দেশ হয় না। তার নিজস্ব একটি ভাষা আছে যা সব দেশের মানুষকে একসঙ্গে আবদ্ধ করে। তাছাড়া আমি আমার শিল্পের মধ্যে দিয়ে কবিতা আঁকতে ভালবাসি। বলতে পারেন রং ও তুলি দিয়ে ক্যানভাসে কবিতা আঁকি। আর এই কবিতার মধ্যে দিয়ে আমি দর্শকদের মনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। এতদিন এই যোগাযোগ ছিল ভারতীয় শিল্পপ্রেমিকদের সঙ্গে, আজ জার্মানদের সঙ্গেও কবিতালাপ করতে সক্ষম হয়েছি।
• পৃথিবীর বিভিন্ন দেশের মতো জার্মানিতেও আপনার শিল্পপ্রদর্শনী হয়েছে। নিজের শহর কলকাতা ও জার্মানির সঙ্গে কোনো সম্পর্ক অনুভব করেছেন?
প্রতিটি দেশের চারিত্রিক বৈশিষ্ট আলাদা। তাদের আচার-আচরণ ও ঐতিহ্যের নিজস্ব বৈশিষ্ট্য বর্তমান। এটাই তো স্বাভাবিক। কিন্তু জার্মানির কথা বলতে গেলে একটি বিষয় অবশ্যই বলতে হয়, জার্মানরা খুবই নিয়মশৃঙ্খলাবদ্ধ ও বিনয়ী। যেমন, ওঁরা রাস্তায় চলাফেরা করার সময় ট্রাফিকের নিয়মকানুন মানেন খুবই কঠিন ভাবে। যা কলকাতায় আমরা কখনোই কল্পনা করতে পারি না। তবে একটা কথা বরং বলি, প্যারিস কলকাতার মতোই।
• পৃথিবীর বিভিন্ন দেশে আপনার শিল্প প্রদর্শনী হয়ে থাকে। আগামী দিনের কোথায় আপনার শিল্পী প্রদর্শনী আছে?
আমার সোলো শিল্পপ্রদর্শনী আছে স্টুটগার্টের গ্যালারি Stauferland–এ । এই প্রদর্শনী শুরু হবে ৩১ মে ২০১৮-তে।