স্পেনের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত দেবজ্যোতি মিশ্র

সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেলেন তিনি

সংগীত জগতের অবিস্মরণীয় নক্ষত্র সলিল চৌধুরীর সান্নিধ্যে সুরের দীক্ষা নিয়েছেন তিনি এবং তাঁর কাজেও বারবার তার প্রতিফলন ঘটেছে। সুর দিয়েছেন মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, গোবিন্দ নিহালনি, অপর্ণা সেনের মতো পরিচালকের ছবিতে। কাজ করেছেন অস্কারজয়ী জার্মান পরিচালক ফ্লোরিয়ান গ্যালেনবার্জারের সঙ্গে। দেশ-বিদেশের বহু স্বীকৃতি পেয়েছেন আগেই। এবার স্পেনে ২০তম ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন দেবজ্যোতি মিশ্র। চলতি মাসের শেষে স্পেনে এই উৎসব হলেও পুরস্কার প্রাপকদের নাম আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

হরি বিশ্বনাথের ‘বাঁশুরি: দ্য ফ্লুট’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। বিশ্বনাথের এটি দ্বিতীয় ছবি। ‘রেডিওপেট্টি’ নামে একটি তামিল ছবি এর আগে পরিচালনা করেছিলেন তিনি। ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের বিচারে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। নিঃসন্দেহে আন্তর্জাতিক মঞ্চে এই পুরস্কার বাংলার বড়ো প্রাপ্তি।

Developed by DXDasia