কোভিড কেয়ার নেটওয়ার্কের স্বাস্থ্যবিধি প্রচার
কোভিডের সঙ্গে লড়াই করে ২০২০ সাল পেরিয়ে এলাম আমরা। এবছরও মহামারি পুরোপুরি নির্মূল হয়নি। তারই মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো বিলেত থেকে হাজির করোনার নতুন স্ট্রেন। তাই এখনও কঠোরভাবে আমাদের পালন করতে হবে স্বাস্থ্যবিধি। মহানগরে করোনার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল কোভিড কেয়ার নেটওয়ার্ক।

করোনা রোগ থেকে সেরে ওঠা একদল কোভিড যোদ্ধা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের বন্ধুরা মিলে গড়ে তুলেছেন কোভিড কেয়ার নেটওয়ার্ক বা সিসিএন। যুক্ত আছেন বিশিষ্ট নাগরিকেরা। করোনা রোগী এবং তাঁদের পরিবারের পাশে তাঁরা দাঁড়াচ্ছেন বিনামূল্যে। শত শত কোভিড আক্রান্তের ত্রাতা হয়ে উঠেছে এই ফোরাম।

বৃহস্পতি ও শুক্রবার কলকাতা জুড়ে ট্রামে করে করোনার বিরুদ্ধে সচেতনতা যাত্রা করলেন সিসিএন-এর সদস্যরা। যার নাম 'মাস্ক মুভমেন্ট ট্রাম পরিকল্পনা'। শহরে এরকম উদ্যোগ এটাই প্রথম। দু'দিন ধরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলল অভিযান। "করোনা ভাইরাস ঠেকাতে শুধু টিকা নয়, মাস্কই একমাত্র অস্ত্র" – এই বার্তা প্রচার করলেন তাঁরা।
আরও পড়ুন: দেশের প্রথম ‘টায়ার পার্ক’ কলকাতায়

সংবাদ মাধ্যমকে সিসিএন জানায়, "কোভিডের বিরুদ্ধে বড়ো মাত্রায় সচেতনতা অভিযানের দায়িত্ব নিয়েছে কোভিড কেয়ার নেটওয়ার্ক। অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছব। ১০টি জেলা জুড়ে প্রচার শুরু হবে।"

করোনা সচেতনতার জন্য বিশেষ ট্রাম সাজিয়ে তোলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধি। এসপ্ল্যানেড, শ্যামবাজার, গড়িয়াহাট রুটে চলল সেই ট্রাম। সঙ্গে আয়োজিত হয় পথনাটক এবং গানের অনুষ্ঠান। বিশিষ্ট শিল্পীরা তাতে অংশ নেন। ফেসবুক লাইভে অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অতিথি হিসেবে হাজির ছিলেন ডা. অভিজিৎ চৌধুরী, ড. পার্থসারথি মুখোপাধ্যায়, ড. যোগীরাজ রায়, মডেল মাধবীলতা মিত্র, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও দেবাশিস বিশ্বাস, থিয়েটারকর্মী দেবশঙ্কর হালদারের মতো ব্যক্তিত্বরা।
