এই মাস্ক স্থির তড়িতের সাহায্যে কাজ করবে
মাস্কের সংস্পর্শে এলেই ধ্বংস হয়ে যাবে করোনা ভাইরাস। এমনই ওয়াটারপ্রুফ মাস্ক তৈরি করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রাথমিক পরীক্ষাতে মিলেছে সাফল্য।
আড়াই মাস কঠোর পরিশ্রম করে এই মাস্ক তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিপন টুডু, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়ার জে কে কলেজের অধ্যাপক নিত্যানন্দ দাস ও কয়েকজন রিসার্চ স্কলার। মানুষের নিঃশ্বাস-প্রশ্বাসকে কাজে লাগিয়ে মাস্কে উৎপন্ন হবে স্থির তড়িৎ। তাকে সকেটের মধ্যে চার্জিং ইউনিটে মজুত করা হবে। বৈদ্যুতিক ব্যাট যেভাবে মশাদের মারে, খানিকটা সেভাবেই বাইরে থেকে আসা এবং মুখ থেকে বেরোনো ভাইরাসকে খতম করবে এই মাস্ক।
মাস্কের এই মডেল পরীক্ষার জন্য পাঠানো হবে আইসিএমআর-এ। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়েও পাঠানো হয়েছে এই মডেলের ধারণা। প্রতিটি মাস্কের দাম রাখা হয়েছে ১০০-১৫০ টাকার মধ্যে। নাম রাখা হয়েছে ‘ইলেকট্রনিক মাস্ক’। উত্তর দমদম পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্টী বাজারের জন্য এই মাস্ক তৈরি করছে। আশা করা যায়, এই মাসেই মাস্কটি বাজারে চলে আসবে।