করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে পশ্চিমবঙ্গে

নতুন সংক্রমণ বৃদ্ধির দৈনিক সংখ্যা স্থিতিশীল

করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছেন বাংলার চিকিৎসকরা। এখন করোনা আক্রান্ত সক্রিয় রোগীর তুলনায় দ্বিগুণ মানুষ সুস্থ হয়ে উঠছেন রাজ্যে। অর্থাৎ, প্রতিদিনই বাড়ছে করোনা রোগীদের সুস্থতার হার।

বর্তমানে আমাদের রাজ্যে করোনামুক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩.৯৪ শতাংশে দাঁড়িয়েছে। গত মাসে প্রতিদিন গড়ে ১০০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠছিলেন পশ্চিমবঙ্গে। এখন দৈনিক সেই সংখ্যা গড়ে ৫০০। ৫ জুনের পর দৈনিক নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেনি, তবে খানিকটা স্থিতিশীল হয়েছে। সারা দেশের তুলনায় এই তথ্য কিছুটা স্বস্তিদায়ক। কারণ, দেশজুড়ে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ঊর্ধমুখী।  

এখন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ হাজার ১৭৩ জন। তার মধ্যে ৯ হাজার ৭০২ জন সুস্থ হয়ে উঠেছেন। ৫৫১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ৪ হাজার ৮৮০ জনের। 

Developed by DXDasia